Wednesday, 5 June 2024

আম দরবার

 বোধিলাভ ও ডায়াবেটিস 


এবার গেল গেল, নেই নেই করেও কিন্তু আমকে ঠেকানো যায় নি। লিচু,আম, জামে বাজার ভর্তি শুধু নয় জমজমাট।  যেদিক পানেই তাকাও এর সুরত আর খুশবু ঠিক চোখ টেনে নেবে। আম অনেকটা সুন্দরী নারীর মত। যতই চোখ ঘুরিয়ে থাক আড়চোখে একবার তাকাবে না, এমন বিশ্বামিত্র তুমি নও। গাড্ডায় ঠিক পড়বে একদিন।  মেনকা, অপ্সরাদের মত রুপবতী, রসবতীরা তোমার অপেক্ষায় আছে। শুধু ঝোলায় ভরার অপেক্ষায়। 


আর আমার সাথে আমের প্রেম সে তো কোন শৈশব আর কৈশোর থেকেই।  আম, লিচুর মরসুমে আমাদের আর  অন্য কিছুর প্রয়োজন হত না। মুর্শিদাবাদের নবাবের বাগানের আম খেয়ে কৈশোর কেটেছে। সে বড় খুশবুদার, দিলদার সময় ছিল। কৈশোরের প্রেমে অভিশাপ থাকে।  থাকে হয়ত। না হলে এবার আমি এক চিলতে আমেরও সঙ্গ করিনি। যদিও আমার আসা যাওয়ার পথে শুধু আম আর আম। সুকিয়ায়, রাজাবাজার, কলেজস্টীট বাজার, ফুলবাগান সব আমের গন্ধে মাতোয়ারা।  তবে আম, লিচু কেনায় আমার ছেদ ঘটেনি একটুও। আমার নাতি, নাতনিও ভারী ভক্ত আমের। তাই আম আমি অবিরাম যোগান দিয়েই চলেছি। এতেই ভারী তৃপ্তি। আপনারাও খান। হাপুস,হুপুস করে খান। যত চান তত খান,কিছু হবে না যদিনা আপনার নিজের মিষ্টি অধিক না হয়ে থাকে। হলে কিন্তু কন্ট্রোল কন্ট্রোল।  কোন রসেই গলবেন না। 


আম নিয়ে আমার এবারের সংযমে আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি। এত ত্যাগ,তিতিক্ষা, সংযম, এ তো অসামান্য। এখন যদি কোন বটবৃক্ষের তলে দুচোখ মুদে বসে পরি, তবে আমার বোধিলাভ অনিবার্য। ভাবছি বসেই পরি, এই রাম  আর কালীর দ্বন্দ্ব  নিয়ে রাজ্যজুড়ে যে অশান্তির ঘনঘটা তাতে নতুন বুদ্ধের ভারী প্রয়োজন। আপনাদের সবার নেমন্তন্ন রইল। আমের মরশুম শেষ হলে দলে দলে চলে আসবেন, আমার দরবারে। একটাই শুধু মন্ত্র জপবেন, " বুদ্ধং শরণং গচ্ছামি....আমিই নতুন বুদ্ধ।

Sunday, 2 June 2024

দালমা না দলমা

 দালমায় কিছুক্ষণ


আজ গিয়েছিলাম দালমা। কি মনে হচ্ছে? হাতীদের সাথে গল্পগুজব করতে। মোটেই নয়। এতো সাহস আমার কোনদিন ছিলনা আর হবেওনা কোনদিন। আর আমিও কোন প্রকৃতেশ বড়ুয়া নয়, যে হাতীদের ভালোবেসে চিরজীবন জঙ্গলেই কাটিয়ে দেব। শুনেছি, তিনি নাকি হাতীদের সাথে কানে কানে কথাও বলতেন। পাগল আর কি। ও কম্ম কি আমার পোষায় না সাজে।  তা ছাড়া হাতীরা তো প্রায়ই আসে ঝাড়গ্রাম, মেদিনীপুরের জঙ্গলে। সেখানে যাওয়া যেতেই পারে, যদি ইচ্ছে হয়। এই কয়েকমাস আগেই তো গিয়েছিলাম গুড়গুড়িপাল জঙ্গলে ননীর সাথে, হাতী কে সাথী করার ইচ্ছে নিয়ে। কিন্তু হাতী কথা রাখে নি। আসলে,কেউ কথা রাখে না। বলেই তো গেছেন সুনীল তার সেই মন কেমন করা কবিতায়।


তাছাড়া আমি এখন আছি পুরীতে।  এখান থেকে দলমা অনেক দূর। কাছাকাছি বরং পুরীতেই খুঁজে দেখা যাক। নিশ্চয় পেয়ে যাবো। লিপুকেই বরং পাত্তা নিতে বলি। লিপু আমাদের হলিডে হোমের এক হোনহার লেড়কা। ও সব জানে। কোথায় সেই দালমা? 

খোঁজ পাওয়াও গেল। কাছেই একদম হাঁটা দূরত্বে। টুকটুকে গেলে মাত্র ৫০। কিমিতে নয় টাকায়।


বেড়িয়ে পড়লাম দালমার উদ্যেশে।  হেঁটে নয়, টুকটুকেই টুকটুক করে। আর পৌঁছেও গেলাম অল্প সময়েই। এবার বুঝলেন তো দালমার রহস্য। না? তাহলে আরো খুলে বলতে হবে। অগত্যা, কি আর করা।


'দালমা' একটা ওড়িয়া খাবারের রেঁস্তোরা বলুন হোটেল বলুন, তাইই।

'দালমা' উড়িষ্যার এক বিখ্যাত ডেলিকেসি। কি বলুন তো?  ডাল আর তার সাথে প্রচুর সবজী দিয়ে একটা চমৎকার প্রিপারেশন। দারুণ স্বাদ। আমার ঠাকুমার নিত্য রান্নায় এ পদ থাকতোই। সে বুড়ীর রান্নায় এতো স্বাদ ছিল যে আমরা সব ভাই বোনেরা হত্যে দিয়ে বসে থাকতাম তার রান্নাঘরের দোরগোড়ায়। ভেতরে ঢোকা ছিলো বারণ। রান্না শেষে, বুড়ী এক এক দলা  আলগোছে ফেলে দিতো আমাদের বাড়ানো হাতে। আর তার যে কি স্বাদ, সে বলে বোঝানই যাবে না।


পুরীতে যতবারই আসি, ততবারই খাওয়া সারি ভজহরি মান্না, কস্তুরী, ষোল আনা বাঙালী এইসব জায়গাতেই। বাঙালী খাবারের ছকের বাইরে যাইনি খুব বড় একটা। তবে আস্তে আস্তে পাল্টাচ্ছি একটু একটু করে। এর আগে চ্যাঙ ওয়াকে ঢুকিয়ে নিয়েছি, আমাদের পুরীর রুটিনে।


এবার নতুন এন্ট্রি 'দালমা' র। বেশ হোটেল। চমৎকার রান্না। কলকাতার লোকেদের বেশ পরিচয় আছে, ওড়িয়া ঠাকুরের রান্নার সাথে। আমাদের বাড়ীর কাজেও আসে একজন। নাম গোকুল, কিন্তু ইয়ার্কি করে সবাই ডাকে হোকুল বলে। এ ভারী অন্যায়। তবে গোকুলের হাসিমুখ ব্যাজার হয় না মোটেই এইসব ঠাট্টা তামাসায়। 

 

বড্ড আজেবাজে কথা লিখে ফেলছি। সময় নষ্ট করছি আপনাদের। আসলে বাইরে এখন বেশ রোদ। বেড়োতে দেরী।  তাই নিজের বোরনেস কাটাতে আপনাদের বোর করি বরং কিছুক্ষণ। আমার টার্গেট অডিয়েন্স তো সেই সব কাজকর্ম শিকেয় তোলা পেনশনাররাই।এটা একরকম সাহায্যই করবে তাদের, বিষে বিষক্ষয়ের মতো।


এবার ডালমায় কি খেয়েছি বলি। যদি কলকাতার উড়িয়া ঠাকুরদের রান্না খাবারের দিয়ে বিচার করেন, তাহলে ঠকে যাবেন বিলক্ষণ।  খাঁটি ওড়িয়া খাবার স্বাদে গন্ধে কি বলবো? It's differert, Boss. Really different. আমরা অবশ্য ওদের বিখ্যাত পাঁখাল খাই নি। পাঁখাল হলো আমাদের পান্তাভাত। দেখলাম ওখানে অনেকেই পাঁখাল খাচ্ছে। সঙ্গে অনেকরকম সবজী, মৌরলার ঝাল ইত্যাদি।  আমরা একটু সেফই খেললাম। প্রথমবার তো।তবে সুগন্ধী চালের ভাতের সাথে অবশ্যই ছিলো দালমা, ওটাই সিগনেচার আইটেম। তার সাথে শাক আরো সব সাত সতোরো অনেক কিছু । টক টক, মিঠে মিঠে, বেশ স্বাদ।  আর আ লা কার্ত মেনু থেকে মাছ আর মাংস। পরিশেষে অবশ্যই পরমান্ন, ওড়িয়া মেনুর একটা বৈশিষ্ট্য।  কেমন খেলাম? বেশ খেলাম, পরিতৃপ্তি করে খেয়ে ফেরলাম দুজনে, আমি আর কুন্তলা।  কুন্তলা কে? এতোবছর পরে আবার বলতে হবে। ওই আর কি,  কমলি নেহি ছোঁড়তা। 😁


তাহলে ওই কথাই রইলো।  আপনাদের পুরীর মেনুতে  নতুন সংযোজন হোক এবার থেকে লী রোডের  ' চ্যাং ওয়ার' পরে ভি আই পি রোডের 'দালমা'! 

Saturday, 11 May 2024

মামা ভাগ্নে কথা

 মামা ভাগ্নে


'নরানাং মাতুলক্রম' 

কথাটা শোনা শোনা লাগছে না? আরো আছে, 'বৃদ্ধস্য তরুণী ভার্যা' 'মিষ্টান্ন মিতরে জনা'। সব শাস্ত্রবচন। আমি অতো শাস্তর বিশারদ নই। তবে কানে আসে। তাই দু'একটা কথা বলেও ফেলি। 

প্রথমেই বলে ফেলি, আমি মোটেই ততোটা বুড়ো নই, যতটা আমাকে দেখায়, তার থেকে মনে প্রাণে আমি ঢের ঢের নবীন। আর চলনে বলনেও প্রবীণ বা বুজর্গ এর ছাপ ততটা পরেনি যতটা পড়া উচিত ছিল। এর জন্যে ক্রেডিট বা ডিসক্রেডিট যদি কাউকেও দিতে হয়, সে সব আমার যোগাসনের  গুরুমশাইদেরই প্রাপ্য। আর ভার্যা মোটেই আর তরুণী নন। বরং যেদিন ধরণী তরুণী ছিল গোছের একটা ব্যাপার। এ ব্যাপারে বেশী কথা না বলাই নিরাপদ। 


সে সব কথা যাক। কথা হচ্ছিল মামা আর ভাগ্নের বিষয়ে।  ভাগ্নেরা মামার ছাঁচেই নাকি অনেকটা ঢালা। এ কথা কি সত্যি? ভাগ্নে যদি আপনার থাকে মিলিয়ে দেখুন তো একবার।  হয়তো আপনার বেলায় মিললেও মিলতে পারে।আমার তো বিন্দুমাত্র মেলেনি। শরসে পাওতক। আমাকে তো চেনেন। আমার চরিত্রও জানেন। অবশ্যি নিজের চরিত্তির নিয়ে ওতো ঢাঁক পেটাব না। কবে কোথায় কি বেড়িয়ে পড়ে, কে জানে। থাক বরং।  অতটা গব্ব না করাই ভালো।  

তবে মোটের উপর মানে মোটামুটি আরকি,আমি নির্ঝঞ্ঝাট টাইপের লোক। কোনকিছুতেই গা লাগাই না। ওই 'হচ্ছে হোক' জাতের মানুষ। কিছুতেই হেলদোল নেই। স্রোতের সাথে গা ভাসিয়ে চলা, এই হচ্ছে আমার কাজ। হাঁত পা ছুড়ে স্রোতের বিপরীতে সাঁতার কাটা আমার বিলকুল নাপসন্দ। ওই স্রোতে গা লাগিয়েই তো বিপদে পড়েছিলাম। একবার নয় দুবার। জানমালের সলিল সমাধি আর কি। জঙ্গীপুরের ভরা গঙ্গা সাঁতার দিয়ে পার হতে গিয়ে একেবারে ভেসে গিয়েছিলাম।  ভাগ্যিস সতু ছিল। তাই চুলের মুঠি ধরে আর ধাক্কা দিয়ে দিয়ে পাড়ে টেনে এনেছিল। সতু ছিল বলেই আজও আমি রয়ে গেছি। আর আপনাদের আমার বকবকানি শুনতে হচ্ছে। সব ওই সতুর দোষ।  আমার কোন দায়ও নেই, দায়িত্বও নেই। যত দোষ ওই সতু ঘোষ। মাঝেমধ্যে সতুর কথা মনে পড়ে অবশ্য । হাজার হোক আমার জীবনদাতা।  কি জানি এখন কোথায় আছে বা নেই? তবে সতুরা সতুই থাকে সারাজীবন।  বিপদ দেখলেই ঝাপিয়ে পড়ে কোনকিছুর পরোয়া না করেই।

ভাগ্নের কথা বলতে গিয়ে অনেক কথাই এসে যাচ্ছে। আসলে ওর জীবনের অনেকটা জুড়েই আমি জড়িয়ে আছি। ঠিক প্রত্যক্ষ ভাবে নয়, পরোক্ষ হলেও খুব নিবিড় ভাবে। ওর জন্ম আমাদের বাড়ীতে লালবাগেরই হাসপাতালে।  সেখানে দিদির রাতের খাবার দিতে গিয়ে খরিস সাপের সাথে মুখোমুখি মুলাকাত । ছোবল তুলে চোখে চোখ দিয়ে কয়েক মূহুর্ত স্থির হয়ে দাঁড়িয়ে রইল। ছোটেনবাবের ইয়ারদোস্ত জেনে, ছোবলটা আর দেয়নি। নবাবের দেশের সাপ তো, তাদের মর্জিমেজাজই আলাদা জাতের। সেই সাপটার কথাও আজকাল আমার মনে পড়ে। সতুর মতো সেও আমার জীবনদাতা। না হলে সেদিনও এক ছোবলেই ফুঁ হয়ে যেতাম। 

ভাগ্নের জন্ম হলো। ভাগ্নের পড়াশোনার এক অধ্যায়ও কেটেছে আমাদের কলকাতার বাড়ীতেই। ওর সেলে চাকরিরও এক অধ্যায়ের সাথে আমি জড়িয়ে আছি। আর ওর বিয়ে সেও আমার নিয়ে আসা সম্মন্ধ দিয়েই।


এইভাবে ভাগ্নের জীবনের সাথে পাকে পাকে জড়িয়ে থাকা স্বত্বেও ওর সাথে আমার বেজায় অমিল। আমার মতো বেহিসেবী, বেআক্কেলী নয়। ভীষণ হিতাহিত জ্ঞান, ক্যারিয়ার নিয়ে সচেতন, হিসেবী পদক্ষেপ আজ ওকে নিয়ে এসেছে সাফল্যের চূড়ায়। এতদিন সেল আর এনটিপিসিতে কাজ করে ও আজ ডিভিসির ডিরেক্টর হয়ে কলকাতায় ফিরে এসেছে। আজ যাচ্ছি ওরই সানি পার্কের বাসায়। ডিনারের নেমন্তন্ন। 

জীবনের সব সাফল্যই আজ ওর করায়ত্ত।  কিন্তু বেচারী না জানলো বিড়ি ফোঁকার আনন্দ, না বুঝল এই আপ্তবাক্য  যে ' সাগর সে গেহরা যাম'।  না পেল মামার মতো স্রোতে ভেসে যাবার আনন্দ। আপাদমস্তক ভালো ছেলেই রয়ে গেল সারাজীবন। আসলে ওর জীবনে সতুর মতো বন্ধুরা আসেনি। আজ যদি আবার জীবনে আমার কিছু বেছে নেবার সুযোগ আসে, তবে আবার স্রোতে ভেসে যেতেই চাইব। চাইব সতুর মতো বন্ধুদেরই। রামকৃষ্ণদেবের মতই বলব, এই নাও মা তোমার পাপ, এই নাও তোমার পূণ্য আমায় আবার মহাকালের স্রোতে ভাসিয়ে দাও মা। এই নাও মা তোমার ভক্তি এই নাও তোমার অভক্তি , আমায় সতুর মতো বন্ধু আবার দিও মা।

Sunday, 5 May 2024

দীপক রাগ

 আমার ব্যাঙ্কওয়ালা বন্ধু, ভাই, বেরাদর দীপককে নিয়ে লেখা। আজকাল আর সেরকম যোগাযোগ নেই দীপকের সাথে। আসলে দীপক আলোর গতিতে এগিয়ে চলেছে, তার সাথে তালে তাল রাখা কার্যত না মুনকিন। পুরনো দিনের কথা স্মরণ করেই দীপককে সম্মান জানায় পুরনো লেখা দিয়েই।


আজ দীপকের সাথে বহুদিন পরে দেখা হল।



বোধহয় বছর পেরিয়ে গেছে। সেই রামধুরার পরে এই প্রথম।  আজ আমরা তিনমূর্তি ভাই বলরাম আর অগতির গতি,  দীনবন্ধু সুজিত গিয়েছিলাম দীপক সন্দর্শনে। দীপক যেমন ছিল, ঠিক তেমনি আছে। সেইরকম গমগমে,ঝকঝকে প্রত্যয়ে অটল দীপক। বরঞ্চ আরও প্রত্যয়ী। সাধে কি আর ও প্রত্যয়ের প্রাণপুরুষ।  হাজারো লোক ওর দিকেই তাকিয়ে থাকে আর থাকে ওর লেখার অপেক্ষায় ,  চায় ওর চলার পথের সঙ্গী হতে।  ভারী ভাল লাগল দীপককে দেখে, এ দীপক, দীপক রাগেও জ্বলল না, মেঘমল্লারেও ঝরে পরল না বরং দরবারি কানাড়ায় বেজে উঠল গমগম করে। তাতে বেজে উঠল আত্মপ্রত্যয় আর আগামীর আশ্বাস । আপনারা আশ্বস্ত থাকুন দীপক ভালো আছে, খুব ভাল আছে, নব আনন্দে আবার সে ফিরে আসছে আপনাদের মধ্যেই। দীপকের কাছেই দেখা মিলল স্বপন রায় বিশ্বাস আর গৌতমের ।  দুজনেই ভারী ভালমানুষ, ভালোবাসায় ভরা। দেখলেই মন ভালো হয়ে যায়। তাই ওদেরই মত আপনার আমার সবার বিশ্বাস দীপক বিশ্বাসেই। জানি এমত বন্ধুভাগ্য যাদের তাদের জব্দ করবে কোন সে কোতোয়াল?


  আমরা তিন বন্ধু এসে জড়ো হলাম  কোন মাইখানায় নয়, ঢাকুরিয়া লেকের পাড়ে আর স্মরণ করলাম আরেক বন্ধু গালিবকে, গ্লাসের ঠুংঠাং আওয়াজে। শেষে কি হল? শেষ বলে কিছু  তো নেই। রবি ঠাকুর লিখে গেছেন না, "আমারে তুমি অশেষ করেছ....".


আর গালিব, তাকে কি দূরে রাখা যায়? 


৷   "হাজারো খোয়াসে এইসি কি হার খোয়াস পার দম নিকলে

৷৷   বহুত নিকলে মেরে আরমান,লেকিন ফির ভি কম নিকলে।"


বুঝলেন কিছু? দরকার নেই বোঝার। আনন্দে থাকুন।

Wednesday, 1 May 2024

ভুলোমন আর হাবিজাবি

 ভুলোমন আর হাবিজাবি 


 বেশী বয়সে লোকের ভুলভাল একটু আধটু হতেই পারে কিন্তু তা নিয়ে হইচই করা বোধহয় উচিৎ কাজ হবে না। চিরদিন  কাহারো সমান নাহি যায়। এ গান কে না শুনেছেন। তবে তার মধ্যেও কেউ কেউ কেন, অনেকেই আছেন যাদের মন ওই ভুলভুলাইয়ার ফাঁদে পরা বেচারীদের মত যারা বেরোবার রাস্তাটা আর খুঁজে পাননা হাজারো চেষ্টাতেও৷ ওই ইসে, আর কি যেনোতে আটকে থেকে হাঁসফাঁস করেন  অবিরাম যতক্ষণ না কেউ তাদের উদ্ধারে নামছেন। তো আমিও সেইরকম একজন ভুলোমন আম আদমি।  এইরকম কেন, বিচ্ছিরি রকমের ভুলোমন আমার। আমি আস্ত আস্ত লোককে একদম ভুলে যায়। আজ বলে না। আমার অল্প বয়েস থেকেই। কেউ হয়ত এসেছে পুরনো আলাপের সুবাদে আর আমি কিনা তাদের চিনতেই পারিনি।  কোনজন্মে তাদের দেখেছি বলেই মনে হয় না।তখন আমার বয়স কিন্তু মাত্র ত্রিশের কোঠায়। এটা কি কোন রোগ? হতেও পারে। তবে এর পরে অন্তত লোক চেনার ব্যাপারে সেইরকম গণ্ডগোলে আর পরতে হয়নি।  আমার অবশ্য একটা  গুণ আছে, রাস্তা ঘাট ভুলে গেলেও  আমি গন্ধ চেনায় খুব দড়। গন্ধ শুঁকে শুঁকে ঠিক পৌঁছে যাব সঠিক গন্তব্যে। অনেকটা স্নির্ফার্স ডগের মত। ঠিক ওরা যেমন খুঁজে পেতে কোথায় লুকোনো ড্রাগ ঠিক বের করে ফেলে। আমি অবশ্য অত উঁচুদরের নয়। তবে শেখরের বাড়ি আমি ঠিক বের করে ফেলি। কষ্ট হয়না মোটেই  আর শেখর আমাদের গন্ধগোকুল।  ওর বাড়ির গন্ধই আমাকে টেনে নিয়ে যায়। এদিক ওদিক হয় না মোটেই,  কিসের গন্ধ সেটা না হয় উহ্যই থাক।


তবে ভুলোমন ব্যাপারটা আমাকে এখন আর সেইরকম জ্বালায় না। তবে ভারী দিকভ্রষ্ট লোকও আমি।  উত্তর দক্ষিণ, বাম ডান বোধ নেই একরকম৷ বেশীরভাগ সময়ই আমি উলটোপথে হাঁটি। সেদিন তো দেখলেন নাকতলা পোস্ট আফিসের বদলে আমি উলটোপথে হাঁটা লাগলাম।  তবে শুধরে নিই ঝটপট।  আর রাস্তাঘাটের মানুষ জনেরাও ভারী উপকারী৷ আমার ভুল বুঝতে পেরে তারা ভারী ব্যস্ত হয়ে পড়েন আমাকে সঠিক পথের সন্ধান দিতে। তাই মানুষের ওপর আমার অগাধ বিশ্বাস। সে আপনি ভার্চুয়াল বলুন আর যাই বলুন। আর বিশ্বাসের উপরই তো আমাদের জীবনের  অস্ত্বিত্ব দাড়িয়ে আছে, তাই না?  'জয় বাবা ফেলুনাথ' এর  ছোট্ট রুকুর মত যদি বলতে পারেন ' সব সত্যি, মহিষাসুর সত্যি, হনুমান সত্যি, ক্যাপ্টেন স্পার্ক সত্যি আর ডাকু গন্ডারিয়াও সত্যি। সত্যকে মেনে নেওয়ার সাহস যদি থাকে তাহলেই জীবনে আনন্দ আপসেই চলে আসবে। কোন টেনশন থাকবে না বস।


তবে যাই বলি  আর তাই বলি এটাও তো ঠিক,  কিছু মানুষ নানা রোগভোগের শিকার হন তার মধ্যে আলঝাইমার্স, ডিমনেশিয়ার মত দুরারোগ্য রোগও আছে।  তাদের জন্য অবশ্য একটা টোটকা আছে। সেটা হল ঘুম থেকে উঠেই টাং টুইস্টিং গোছের একটা জিভের ব্যায়াম। জিভ দশবার ডান দিক দিয়ে ঘোরাতে হবে আর দশবার বা দিক দিয়ে। তাহলেই আপনি মুক্ত এই ডিমনিশিয়া বা আলঝাইমার্সএর শঙ্কা থেকে। শুধু তাই নয়, পূর্বজন্মের স্মৃতিও নাকি এসে হানা দেয়। আয়নার সামনে দাঁড়িয়ে,আমিও কয়েকদিন করেওছিলুম। কিন্তু সাতসকালে আয়নায় নিজেকে জিভ ভেঙাতে কার ভাল লাগে? তাছাড়া ভেবেও দেখলাম কি দরকার এ সবের। এই পড়ন্ত বেলায় সব কিছু আঁকড়ে ধরে কার কি লাভ। ভুলে যাবার মত ভাল ব্যাপার আর কিছু আছে নাকি? ' কা তব কান্তা, কস্ত্রে পুত্র' এটাতো জানেন আর মানেনও নিশ্চয় । কেউ কাউরির নয়, এ যে জীবনের মোক্ষম সত্য। তাই মন মিছে কর কেন প্রবঞ্চনা? আমি বলি কাজ কি এতসব ব্যায়ামের।  দরকার কি এতসব মনে রাখার।  আলঝাইমার্স না হোক ডিমনেশিয়া হয়ে সব ভুলে গেলেই বা  মন্দ কি । এখন এ সংসারে আপনি বাড়তি আসবাব ছাড়া, আর কিছু তো নন। 


তাই ভুল যান সবকুছ,

 তারপর বেরিয়ে পড়ুন এই মায়ার গন্ডী ফেলে। পেছন ফিরে যদি তাকান,তবে দেখবেন আপনার পেছন পেছন আসছে পাড়ার কটা ন্যাওটা কুকুর। ছেলে, বউ কেউ নয়। বড়রাস্তা পর্যন্ত পৌছে দেবে তারা আপনাকে। যদি কেউ থেকেও যায় আপনার সাথে তাহলে জানবেন  সে সাক্ষাৎ ধর্মরাজ, কুকুরের ছদ্মবেশে, আপনার এসকর্ট হয়ে চলবে একদম অমরাবতীর দোরগোড়া পর্যন্ত। তাই আজ থেকে যদিও ভুলেও যান কিছু, চিন্তা করবেন না, আরো বেশী করে ভুলুন। ভুলেই যান সবকিছু।তাহলে পাখোয়াজ বাজিয়ে কাঁদো কাঁদো মুখে আর গাইতে হবে না, ' শেষের সে দিন ভয়ংকর। '

Friday, 19 April 2024

গুষ্টিসুখ

 গুষ্টিসুখ।


আজ অনেকদিন পরে গুষ্ঠিসুখের আনন্দ ফিরে পেলেম। আমরা যখন স্কুলে,অফুরন্ত বন্ধু আর  হইচই,দুচোখ ভরা স্বপ্ন আর স্বপ্ন আর অজস্র হাতছানি। তখনই জেনেছিলেম গুষ্টিসুখ কাকে বলে। পরে সেই জানা আরও গভীর হয়েছিল সৈয়দ মুজতবা আলীর লেখা পড়ে। 


আমাদের কৈশোরের সঙ্গী ছিল অনেকেই। তার মধ্যে  একজন চে আর অন্যজন অবশ্যই মুজতবা আলি। তো এই গুষ্টিসুখের প্রথম পরিচয় মুজতবার লেখা থেকেই। গুষ্টিসুখ যে তার আগে ছিলনা,  তা নয়। তবে সেটা যে গুষ্টিসুখ সেটা প্রথম বুঝলুম মুজতুবা আলির লেখা পড়েই।  হাজারদুয়ারির সিঁড়িতে বসে বন্ধুরা মিলে একসঙ্গে ভাগাভাগি করে সুখটান, চারুকে নিয়ে ভাগাভাগি, সে গুষ্টিসুখ হয়ত আজ আর ফিরে পাব না। তবে তাই বলে হারিয়েও তো যায়নি।  তার আগে বলি চারুকে কেউ ভুল বুঝবেন না। একটা সময়ে আমাদের প্রিয় ছিল 'নষ্টনীড়ের চারুলতা আর চারমিনার সিগারেট।  আমরা চারমিনার কে আদর করে বলতেম চারু। ঠিক ভুপতির মত। আমাদের আর কেউ নেই 'চারু তো আছে।' সেই কালও নেই। নেই সেই চারমিনারও। আর সেই ছেলেবেলা সে তো ছিল কোন কালীদাসের কালে।


তবুও এই বৃদ্ধ বয়সে, বৃদ্ধ বলব না, বড্ড বাজে শোনায়। আসলে পালটে পালটে নিলে, কেউ বুড়োই হয়না কোনদিনই। এই পরিণত বয়সে বন্ধুর অভাব পরেনি আজও।  সেইরকম বন্ধুরা মিলে জড় হয়েছিলুম বেশ কিছুদিন বাদে। শেখর বেশ কিছুদিন বাদে আবার এলো দিল্লি থেকে। সেই উপলক্ষেই আজকের জমায়েত ।  জমজমাট, খাদ্যে ও পানীয়তে। তার রঙে, যদি লালের আধিক্য কেউ দেখেও থাকেন, দোষ নেবেন না প্লিজ।  এতে যেটুকু গুলাল যেটুকু নেশা সব সেই পুরোন দিনকে মনে রেখেই। তেমনি নিষ্পাপ, তেমনি অমলিন।  সারাটা দুপুর বেশ কাটলো গল্পে, গল্পে, এলোমেলো আর অপরিণত কথায়। আসলে আমরা কেউই তো বড় থুড়ি বুড়ো হয়নি। শেষ বলেও কি কিছু হয়? যা হয় তা রুপান্তর। মানিয়ে নিলেই বেশ ছিমছাম। মনে হয় শেষ হয়েও না হইল শেষ। বন্ধুত্তের আকর্ষন ও তেমনই। গুষ্ঠীসুখের থেকে বড় সুখ যে আর কিছু নেই। সে যে পুরোন হয়ে যাবার জড়ত্ত্বকে ধুয়ে মুছে ফেলতে পারে একনিমেষে।

Wednesday, 17 April 2024

এলোমেলো কথা

 পুনশ্চ

এলোমেলো কথা


বলছি বটে আমার কথা। কিন্তু আদপে আমার কোন কথাই নেই৷ ফেসবুকে ইদানিং দুচার কথা লিখে ফেলি। কিন্তু সেগুলো শুধুই কথার কথা। সেসব কথার কোন মানে নেই,মুল্যও নেই। আমার কিছু কাছের জন আছে যারা দূরে হলেও আমায় ঠিক মনে রাখে মানে মনের মধ্যেই রাখে। তারা আমার এই সব বেচাল কথায় ভারী বিমর্ষ হয়। এই কদিন আগে লিখেছিলুম ইতালির এক আঙুরবাগানের সুন্দরীর কথা যার সাথে আমার দেখা হওয়ার কথা ছিল প্রেম হওয়ারও ছিল,কিন্তু সেটা আর ঘটেনি৷ বাংলা ব্যাকরণে কি সব কথা আছে না 'ঘটমান অতীত',  আমারটা সেইরকমই অনেকটা। তবে আমার ক্ষেত্রে সেটা অঘটমান। মানে ঘটা উচিৎ ছিল কিন্তু ঘটলনা। কি আর করা যাবে। আসলে মনের মধ্যে কতরকম ছবি ফুটে ওঠে কেউ কেউ মনে রাখে, কেউ উড়িয়ে দেয় ফুৎকারে।  এসব ব্যাপারে আমি ভীষণ সঞ্চয়ী। মনের এই সব ফুলগুলোকে তরতাজা করে রাখি। মাঝে মাঝে তার সুবাস,সৌন্দর্য দুলিয়ে দিয়ে যায়। আর সেই দোলার ভাগ আপনাদেরও দিতে চাই। আর তাতেই কেউ কেউ মনক্ষুন্ন হয় বলে এত বয়স হল তবু্ও অশোকের জ্ঞানগম্যি হল না।

সত্যিই তো বয়স হয়তো অনেক হলো। জীবনানন্দের ভাষায়, " জীবন গিয়াছে চলি  আমাদের কুড়ি কুড়ি বছরের পার,তখন হটাৎ যদি মেঠো পথে পাই আমি তোমারে আবার...!   কবে পেরিয়েছি তিনকুড়ি। তিনকুড়ির কথায় মনে পড়ল আমাদের ছোটবেলায় দেখেছি গাঁ গঞ্জের অনেকেই কুড়ির বেশি গুণতে পারত না। তাদের সব হিসেবই, কুড়ির গুণিতকে। যেমন তিনকুড়ি দশ,পাঁচ ইত্যাদি ।  এইরকম হিসেব। আমিও  সেরকমই একজন অজ্ঞানী।  আমার সব কুড়ির হিসেব। জ্ঞানী লোকেদের অনেক চোখ। চারিদিকে তাদের ক্ষর দৃষ্টি।  তারা অনেক দূর অনেক গভীরে দেখে । আমি কিন্তু মায়োপিকের দলে। বেশী দূরে দেখি না। আসলে আমি কুড়ির বাইরে বেরোতে চাই না। কুড়িই আমার জন্য যথেষ্ট। এর বেশি হলে সত্যি সত্যিই আমি বুড়িয়ে যাব। আর কেই বা বুড়ো হতে চাই। ওই জন্যই আমার পিঠে বেধেছি কুলো, কানে দিয়েছি তুলো। যে যাই বলুক আমি এইরকমই। আসলে বলছিলাম না মনের মধ্যে অনেক ছবি আঁকা হয় যা থেকেই যায়, মোছে না কিছুতেই। রবি ঠাকুরের ছিন্নপত্রের এক লেখায় এইরকম ইতালির এক আঙুরবাগান আর কিছু তরুণীর কথা পড়েছিলাম । সে ছবি কখন যেন আমার মনের মধ্যে ঢুকে গেছে আর আমিও সেই ছবির একজন হয়ে গেছি। আর তা নিয়েই যত অঘটন। রমেশ বলল এই বয়সে বউকে জড়িয়েই বেঁচে থাকা,  ভারী মনক্ষুন্ন হল আমার এই বেয়াদপীতে। আর আমার এক তরুণী বান্ধবী বলল, যান তবে আঙুরবালার খোঁজে। খোঁজ?  সত্যিই এক গভীর কথা। আমরা কে যে কি খুঁজি তা কেই বা জানে। তবু চলা থেমে থাকে না। থেমে যাওয়া নেই আর থেমে গেলেই যে গভীর গহন অন্ধকার।  তাই চলতেই থাকুন। শত শত আলোকবর্ষ পেরিয়ে যান নতুন সুর্যের সন্ধানে। এ চলার যেন শেষ না হয়।


পুনশ্চঃ ঘুম আসছিল না, তাই টাইম পাস করছিলাম। এখন ভোর হয়ে আসছে, উঠে পড়ুন,সামনে নতুন দিন।