Saturday, 25 July 2026

দিল্লি দূর নেহী

 ছবিতে এই যে ছেলেটাকে দেখছেন কমেডিয়ানের সাজে, ও এসেছে দিল্লিতে নিজের ভাগ্য গড়ে  নিতে। ও নিজের ভাগ্য আদৌ গড়তে পারবে কি না, না ভাগ্যও ওকে নিয়ে কমেডি করবে,  তা  বলতে  পারে কেবল সময়। এসেছে সেই সুদূর রাজস্থানের শিকার জিলার কোন এক অখ্যাত গ্রাম থেকে। আপাতত এক পাঞ্জাবী বার কাম রেস্ট্যুরেন্টের খদ্দের ধরার কাজ করে করোলবাগের এই সদা সরগরম বাজারে। সকাল ১১ থেকে রাত ১১টা অব্দি ওর ডিউটি। ওর কাজ খদ্দের ধরা ওই বার কাম রেস্টুর‍্যেন্টের জন্যে।  ১১টার পরে,  ওর বাসায় যাবে সেই দূর রজৌরী গার্ডেনে।  সকাল থেকেই আমার পেছনে লেগে ছিল, ওর রেস্ট্যুরেন্টে নিয়ে যাবার জন্যে। দারুণ সব অফার। পাঞ্জাবী হোটেল যখন দারুর প্রাধান্যটাই বেশী। এক পেগ হুইস্কী নিলে, এক পেগ ফ্রি। দুইয়ে দুই। তার সাথে দারুণ সব স্বাদিষ্ঠ খানা। কিন্তু পাঞ্জাবী খাবারে এতই বাল্লে বাল্লে মালাই আর দেশী ঘিওয়ের ছড়াছড়ি যা পেটরোগা বাঙালীর মোটেই সয় না। এর আগে সে শিক্ষে আমার হয়ে গেছে। সে সব যাইহোক, ওর সাথে কথা বলে আমার মন ভিজে গেছে। আমি কথা দিয়েছি একদিন আমি যাবই ওদের রেস্ট্যুরেন্টে গলা ভেজাতে।  অনুরোধে ঢেঁকীও গিলতে হয়। আর এ আর এমন কি। সামান্য ওয়ান প্লাস ওয়ান, কিই বা এমন। হয়তো দুপেগও নিয়ে নিতে পারি, ওর মুখ চেয়ে। দুই দুগুনি চার। সে ম্যানেজ করা যাবে। তবে ওই মালাই আর দেশী ঘিয়ের মহোৎসব কি ভাবে ম্যানেজ করব সেটা নিয়েই বড্ড চিন্তা ছিল। 

পুনশ্চ : দিল্লিতে সেবার চারদিন ছিলাম। তার পরের তিনদিন,  সেই রেস্টুর‍্যেন্টেই পরের তিনটি সন্ধ্যেই কেটেছিল। ইভিনিং ড্রিংক্স সে ডিনার তক। সেখানে ভালো চাইনিজ খাবারও পেয়ে গিয়েছিলাম। ওয়েটার যারা ছিল সব এই বাংলার। রোজ বসতো ,লাইভ গানের আসর।  লক্ষনৌর এক ওস্তাদ আর তার সঙ্গীনি দিল্লিরই এক সুন্দরী কন্যে ভারী সুন্দর গজল আরো সব গান গাইতেন।  একে দিল্লি, তাই করোলবাগের চত্তর, চারিদিকে সব লম্বাচওড়া সর্দারজী তাদের পরিবার সমেত, আর পাতিয়ালা পেগ। ভারী সুন্দর তিনটে সন্ধ্যে কেটেছিল সেবার দিল্লিতে। সাউথ আফ্রিকার এক বিরাট ব্যবসায়ী সর্দারজীর সাথেও ভারী ভাব হয়ে গিয়েছিল সেবার।


 ভারতবর্ষের কথা ভেবে, অবাকই লাগে। কি বিরাট বিচিত্র দেশ আমাদের, কি বিশাল তার সংস্কৃতি আর বৈচিত্র্য।  এমন ঐশ্চর্য্যময়ী বিচিত্র দেশ এই বিশ্বসংসারে আর দুটি নেই।  কি যেন এক অদৃশ্য সুরে বাঁধা।  গর্ব হয় নিজেকে  আরতবাসী ভেবে। 

ছবির এই ছেলেটির সাথে আর দেখা হয়নি আমার। আমার বিশ্বাস, আজ নিশ্চয় সে নিজেকে প্রতিষ্টিত করতে পেরেছে। আজ হঠাৎই তার কথা মনে পরে গেল। সে যেন তার ঠিকানা খুঁজে পেয়ে থাকে দিল্লিতে।

Friday, 24 July 2026

বছর তিনেক আগে- রঘুরাজপুর


















আজ সকাল থেকে দুপুর পর্যন্ত কেটে গেল রঘুরাজপুর গ্রামে।   অনেকে আবার একে শিল্পীগ্রাম বলেও থাকে। উৎকল ঘরানার ছবি আঁকাই এদের পেশা আর নেশাও। একজন দুজন নয় সারা গ্রামের লোকেরাই এই পেশায় যুক্ত। সারাবছর ট্যুরিষ্টরা আসে আর মেলায় মেলায় ঘুরেই এদের বিক্রিবাট্টা। তাছাড়া বিদেশেও এদের শিল্পসামগ্রীর চাহিদা আছে। মূলত ঘর সাজাবার ডেকর হিসেবে এগুলোর চাহিদা।সরকারি সাহায্যও প্রচুর মেলে। সাহায্য ছাড়া এদের টিঁকিয়ে রাখা যাবেনা। আমরাও ঘুরে ফিরে দেখলাম। আমি তো শিল্পের বুঝি,ঘেঁচু। কুন্তলাই ঘুরে ঘুরে দেখল, কিনলোও কিছু।হয়তো গিফট করবে কাউকে কাউকে। তবে রঘুরাজপুর গ্রামটা আমার বেশ লাগে। কি দারুণ সবুজ। একটা নৃত্যাঙ্গন ঘিরে ছোট্ট একটা স্টেডিয়াম। মাঝে জগন্নাথদেবের মন্দির। আর ওড়িশি নাচ তো জগতবিখ্যাত। গুরু কেলুচরন এই গ্রামেরই বাসিন্দা ছিলেন। তার সেই বাড়ী আজ ভগ্নস্তুপ। কেউ তার স্মৃতিটুকু বাঁচিয়ে রাখার চেষ্টাই করেনি। এতদিন জানতাম বাঙালীই শুধু আত্মবিস্মৃত জাতি। আমাদের প্রতিবেশী রাজ্য ওড়িশাও কম নয়। সেসব যাইহোক, রঘুরাজপুর আমার বেশ পছন্দের গ্রাম।  আগে যদি জানতুম তাহলে এখানেই হয়তো বিয়েশাদি করে থিতু হতেম। তাম্বুল খাইতাম আর কি করতাম?  আঁকা আমার কম্ম নয়। হাতের লেখাই কাগের ঠ্যাং বগের ঠ্যাং, তার উপরে আঁকা? হবে নি? ওড়িশি নাচ, তাও নয়। তবে পান্ডাগিরিই করতাম। এটা আমায় ঠিক মানিয়ে যেতো। ভগবানের হয়ে দালালি সে কি কম হালালের কাজ? 


যাক, এসব। এর একটা দ্বিতীয় পর্বও আছে। পুরীর চ্যাঙ ওওয়া তে লাঞ্চ। চমৎকার ছিমছাম রেস্তোরাঁ। দুপুরে খুব লোকজন ছিলেন না। অনেকের রিকমেন্ডেশন ছিলো এখানে আসার জন্যে। তাই এলাম। আমি সেইরকম চীনে খাবারের ভক্ত নই। তবুও এসেই।গেলাম।  বেশ ভালো। আমিও রেকমেন্ড করছি আসার জন্যে। আমরা খেলাম থাই সুপ, কুং ফু চিকেন আর মিক্সড ফ্রায়েড রাইস। পরিমাণে যথেষ্ট আর স্বাদিষ্ঠ ।  টোটাল বিল ৮৪০ টংকা মাত্র। এটুকু এফোর্ড করাই চলে। তবে চাইনিজ হোক, চাই মুঘলাই আমার আসল পছন্দের খাবার ছ্যাঁচড়া। আমার স্বভাব চরিত্রের সাথে বেশ মেলে। শুধু আমি কেন, বাঙালী চরিত্রের আসল দিকই হলো, ছ্যাঁচড়ামি । ছ্যাঁচড়া আমাদের জাতীয় খাবার আর ছ্যাঁচড়ামি বাঙালীর জাতীয় চরিত্র। জয় জগন্নাথ।

Wednesday, 15 July 2026

পুরুলিয়ায়

 

আমাদের শেকড়বাকড় স্বজন বন্ধুরা সবই রঘুনাথগঞ্জের । আমাদের রঘুনাথগঞ্জের বাস ২৫০ বছরেরও বেশী। তার আগে আমাদের আদিবাড়ী ছিল কাঞ্চনতলা গ্রাম, ফারাক্কা যাবার পথে। আগে আমার লেখা যারা পড়েছেন তারা নিশ্চয় জেনে গেছেন আমাদের পুর্বজরা পেশাতে ছিলেন ডাকাত। পরে নবাব নাজিমদের আনুকুল্যে প্রচুর ভুসম্পতির মালিক হন। সাঁওতাল পরগণা, মুর্শীদাবাদ, মীর্জাপুর আরো বহু অঞ্চলে জমিদারী বিস্মৃত করেন নবাবী পাট্টার জোরে।এর অনেকটাই আমার দেখা।তবে জমি যে বাপের হয়না দাপের এটা আমার জীবনেই পরীক্ষিত সত্য।পদ্মার গর্ভে আর অযোগ্য উত্তরপুরুষদের হাতে পরে তাই সবই হোল বেহাত আর বেশ কিছুটা গেল পদ্মার গর্ভে। পাপের শাস্তি বোধহয়। তবে আমার মাঝে মাঝে আফসোস হয় । যদি পূর্বপুরুষদের জীনের এককণাও পেতুম, তাহলে বেশ তোলাবাজ,রংবাজ হয়ে বেশ কাল কেটে যেত। হা করে বসে থাকতে হত না ডিএ বাড়ল না কমল সেই দিকে তাকিয়ে। 

বড্ড ধান ভানতে শীবের গীত হয়ে যাচ্ছে। আসল কথায় ফেরা যাক। আমার জন্ম, দেশ সবই রঘুনাথগঞ্জে। কিন্তু এখানে আমাদের খুব বেশীদিন থাকা হয়নি। বাবার বদলীর চাকরী। দুতিন বছর অন্তর অন্তর আমরাও পাঁচ ভাইবোন হেথা নয় হোথা নয় অন্য কোথা অন্য কোনখানে করে বেরিয়েছি। তাই আমার শৈশব কৈশোর কাল শুধু রঘুনাথগঞ্জে নয়, ছড়িয়ে আছে পুরুলিয়া, মেজিয়া, জিয়াগঞ্জ আর লালবাগের আকাশে বাতাসে। 

জিয়াগঞ্জে কেটেছে আমার পাঠশালা কাল। ভুজঙ্গ মাষ্টারের পাঠশালায়। আমার সেই সময়ের কথা আমি আগেই লিখেছি। তাতে যেমন ভুজঙ্গ মাষ্টার আছেন,হরিশ দাদু আছেন, আছে আমার বন্ধু কচু আর জিয়াগঞ্জের সেই তেনারা, সন্ধ্যের পর যাদের নাম নিতে মানা। এই তেনাদের সাথে আমার প্রায়ই মুলাকাত হয়েছে সে জিয়াগঞ্জের আধো অন্ধকার গলিতে বা লালবাগে নবাবী আমলের প্রাসাদে। তারা আমার কোন ক্ষতি তো করেনইনি হয়তবা স্বগোত্রীয় ভেবে কিছুই প্রশয়ই দিয়েছেন। 

যাক সেসব কথা তেনারা আছেন তেনাদের জায়গায়, তাদের বিরক্ত করার দরকার কি। তবে আছেন, এটা জেনে রাখুন। হচ্ছিল জিয়াগঞ্জের কথা হটাত তেনারা এসে পরলেন।বরং জিয়াগঞ্জকে পাশ কাটিয়ে এগিয়ে যায়। কারণ জিয়াগঞ্জের কথা আগেই লিখেছি। কারুর যদি ইচ্ছে হয় আমার টাইমলাইলে পড়ে নেবেন। 

এখন বরং আমার সঙ্গে চলুন পুরুলিয়া।পুরুলিয়াও আমার মনে ছাপ রেখে গেছে। পুরুলিয়ায় আমরা ছিলাম প্রথমে নীলকুঠিডাঙায়। বেশ সুন্দর পাড়া, ছিমছাম।আমাদের বাড়ীর সামনেই ছিল এক্ জজসাহেবের বাড়ী। তার নাম আজ আর মনে নেই। তবে জজসাহেবের বাড়ীর সুন্দরী মেয়ে বউরা রোজ বিকেলেই আমার মা বা দিদির কাছে আসতেন গল্প করতে। এতসব কথার মধ্যে মার কথা বলাই হয়নি। মা ছিল বেশ গপ্পে মানুষ। তাই আসর জমজমাটই হত। তবে আমি ছিলাম মুখচোরা। মিশতে পারতাম না মোটেই। আমার দিদিরা তাই আমাকে বলত ‘মিচকে শয়তান’। আমার ফেবুর বন্ধুরা অনেকেই খুশী হবে। আর শান্তি নিশ্চয় হাততালি দিচ্ছে এতক্ষনে। আমার দাদা ওখানে ভর্তি হয়েছিল জেকে কলেজে, দিদি নিস্তারিনী কলেজে,অলকা দিদি শান্তিময়ী গার্লস স্কুলে।

আমি ভর্তি হলাম শিশুশিক্ষা বলে একটা স্কুলে এক ক্লাস উপরে। ওখানে তখন ওইরকম নিয়ম ছিল, বাংলা থেকে গেলেই একক্লাস ওপরে ভর্তি করে নেওয়া। আসলে পুরুলিয়া সবে তখন বিহার থেকে বাংলায় এসেছে। সেই স্কুলের কিছু স্মৃতি আজও মনে আছে। মনে আছে ওখানে আমাকে একটা নাটকে নিয়েছিল, রাজপুত্রের চরিত্রে। কিন্তু রাজপুত্র যে কারনে অকারনে শুধু হাসে। তাই পদচ্যুত হয়ে পেলাম মরা সৈনিকের পার্ট। তাতে হাসি তো বন্ধ হল না। মরা সৈনিক যে শুয়ে শুয়েও হাসে। অতএব আবার বাদ। এবার দেওয়া হল খাবার দেওয়ার কাজ, আবার বাদ,এবার এত বেশী বেশী করে দিতে থাকলাম, যে খাবারে টান পরে গেল। শিশুশিক্ষা থেকে এবার ভর্তি হলাম পুরুলিয়া জেলা স্কুলে। বিরাট স্কুল, বিরাট মাঠ। আড্ডা স্যার বলে একজনকে মনে আছে। খুব রাশভারী। ইংরেজী পড়াতেন প্রমথস্যার , তিনিও বেশ চড়া মেজাজের। ক্লাসে গন্ডগোল করার কোন উপায় ছিলনা। আর মনে আছে প্রথম ছৌ নাচ দেখার কথা। ভারী আশ্চর্য্য লেগেছিল। আমার ছোট্ট মনে বড় ছাপ ফেলে গিয়েছিল ওইসব ঝলমলে পোষাক আর নাচ। আমার ক্লাসে এক বন্ধু হয়েছিল, জেলা স্কুলের সামনেই বাড়ী।আমাকে নিয়ে যেত ওদের বাড়ী। ওদের বাড়ীতেই প্রথম একোয়ারিয়াম দেখেছিলাম। এর মধ্যে আমরা নীলকুঠীডাঙার বাসা ছেড়ে একটা বড় বাড়ী নিয়েছি হুচুকপাড়ায়। বাড়ীর পেছনে বাগান থেকে অযোধ্যা পাহাড় দেখা যেত দুরে।তবে সেই পাহাড়তলী থেকে কোন দইওয়ালা আসে নি, আসে নি কোন গোয়ালাদের মেয়েও আমার খোঁজে । এই হুচুকপাড়ার মুখে একটা বড় বাড়ী ছিল। সম্ভবত কোন রাজনৈতিক ব্যাক্তিত্তের। সেই বাড়ীতেই আমি বাবু রাজেন্দ্রপ্রসাদকে দেখেছিলাম।

আর একজনের কথা বলতে ইচ্ছে করছে। তিনি জীমুতবাহন সেন। বিরাট সমাজসেবী,প্রভাবশালী ব্যক্তিত্ত। পুরুলিয়ার অনেক স্কুল কলেজই ওর আনুকল্যে গড়া। সেই সেনসাহেবের বাড়ীতে সন্ধ্যেয় আড্ডা বসত। আমার বাবা সেখানে প্রায়ই যেতেন কখন কখনো আমিও গিয়েছি। যতদুর মনে পরে একটা পোর্টিকোর মত একটা জায়গা পেরিয়ে ঢুকতে হত। আর গেটের ওপরে সম্ভবত বোগেনভালিয়া বা ঝুমকোলতার গাছ ছিল। জীমুতবাহন সেন কে আপনারা নাই চিনতে পারেন। কিন্তু ফেবুর দীপক সেন কে অনেকেই চেনেন নিশ্চয়। দীপক সেন ওনারই ভাইপো। ছোটবেলায় দেখেছি নিশ্চয় পাত্তা দেয়নি মোটেই। এখনও যে দেয় এমনটি নয়।

পুরুলিয়ায় আমি একটু গালিও শিখেছিলুম। অদ্ভুত রকমের। ওখানকার ডায়ালেক্ট অনেকেই জানেন। বটেক, কিন্তুক কিন্তু সব কথার মধ্যে মিশে থাকে। ওখানে ভিক্টোরিয়া স্কুলের মাঠে খেলার সময় মারামারিতে একটা ছেলে আমাকে বলল, “তোকে পুলি  ছুড়ে মারবক কিন্ত।“ পুলি যে একটা অশ্লীল শব্দ পরে তা জানলাম।

ভাবছি আমার ধেড়ে বয়সের বন্ধুদের মধ্যে এটা চালু করে দেব আজ থেকেই। আজ আমাদের গেট্টু আছে। আজ পল্টাকেই ছুড়ে মারব প্রথম পুলিটা।

পুরুলিয়ার সাহেব বাঁধ তার লাল নীল মাছ, সুন্দর মানুষজন সবই গেথে আছে মনের মধ্যে। আর মনে আছে একটা বাচ্চা ছেলের কথা। যাকে রোজ হুচুকপাড়া থেকে চটের ব্যাগ আর পকেটে এক টাকা নিয়ে জজকোর্ট ছাড়িয়ে বাজার করতে আসতে হত। এক টাকায় তখন ব্যাগভর্তি বাজার। ফেরার সময় টানতে পারত না।পুরুলিয়ার গরমে তার ফর্সামুখ লাল হয়ে যেত। বসে পরত কোর্টের সামনে এক বেলগাছের নিচে। ভারী ব্যাগ এবার গলায় ঝুলিয়ে সে হাঁটতে শুরু করত, হাতে যে বড় ব্যাথা করত। আরে  সে বাচ্চা তো আমিই ছিলাম আজ তো মনে হয় সে অন্য কেউ। তাই তার জন্য ব্যাথায় মন টনটন করত। আজ পুরুলিয়া কান্ড এখানেই ইতি। এরপর পুরুলিয়া নিয়ে লিখবে দীপক। এবার আমি ফিরে যাব রঘুনাথগঞ্জে। সেখানে সুকুমারী ঠাকরুন, অলকাদিদি( আমি অবশ্য ওকে দিদি বলে কোনদিন মানিই নি, কিন্তু ওর চলে যাবার দিন কেন আজও ওর কথা মনে করে দুচোখ ছেপে জল নামে) আর ভোলা আরও অনেকে। এর পরের সংখ্যায়।


Thursday, 2 July 2026

ডিমের মিহিদানা

 ডিমের মিহিদানা 


কেউ শুনেছেন? আমি তো দুদিন আগেও এর কোন নাম শুনিনি। কিন্তু শুনতেই হলো।


ডিম শুনেছি, মিহিদানার সাথেও বেশ মাখামাখি সেই ছোটবেলা থেকেই।  কিন্তু এইরকম যে কিছু হতে পারে, তা আমার জানাশোনার বাইরে ছিল।

আমাদের ছোটোবেলায় ডিম সে একটা মহার্ঘ্য ব্যাপার ছিল। আসলে তখন তো এতো পোল্ট্রিও হয়নি। তাই ডিমের জোগান ছিল বেশ বেশ কম। মুরগির ডিম তখনো হিন্দুবাড়িতে নিষিদ্ধই ছিল। 

আমাদের রঘুনাথগঞ্জের বাড়ীতে ছিল কাজের মাসী চিন্তা আর তার বর ভরত, সে ছিল জলের ভারী। মিউনিসিপালিটির কল থেকে আমাদের খাবার জলের যোগান দিত। চিন্তার বাড়ি ছিল মাল পাড়ায়, আমাদের ফাঁসিপাড়ার বাড়ীর খুব কাছেই। তার দুদশটা হাঁস ছিল। সেই হাঁসের ডিম আমাদের দিত মাঝে মাঝে , সেদিন মনে হত খুব স্পেশাল একটা দিন। তবে সুতোয় কাঁটা হাফ ডিমই ছিল বরাদ্দ। তাই খেতাম তারিয়ে তারিয়ে, কুসুম ছিল সবচেয়ে প্রিয়। কুসুমকে নিয়েই কেটে যেত বহুক্ষন। মানে খাওয়ার শেষে কুসুমে কুসুমে কুসুমময়। স্বাদটা বহুক্ষণ ধরে রাখতাম। আসলে সেইসময়কার মধ্যবিত্ত সমাজের প্রতীক ছিল এই হাফ ডিমের গপ্প। আমাদের প্রজন্মের সবাই এই হাফ ডিম সমাজ থেকেই উঠে আসা। তবে সেই ডিম কিন্তু আজকের ডিমের থেকে অনেক আলাদা। দেশী হাঁসের নীলাভ ডিম, হোক হাফ তবু তার স্বাদ, আজও মনে গেঁথে আছে আর সেই যৌথ পরিবারের সুখী সুখী ছবিটাও বড় স্পষ্ট। সে ছিল বড় বড় সুখ আর ছোট ছোট দুঃখের দিন। 

আমার পিসি থাকতেন বহরমপুরের রাধারঘাটে। বেশ অবস্থাপন্ন। সেই সব দিনে যখন মোটরগাড়ি ছিল খুব হাতেগোনা তখন পিসির ঝা চকচকে গাড়ী। বহরমপুর থেকে প্রায়ই ছেলে মেয়েকে নিয়ে চলে আসতেন। পিসির আসাটা ছিল এক উৎসব।  যে কদিন থাকতেন যেন দুগগা পূজোর আমেজ মাখা। পিসি আমার ডিম প্রীতির কথা জেনে করে দিলেন গোটা গোটা ডিমের ডালনা। এর পরে আর কি কোন কথা থাকতে পারে? ডিম পর্বের এখানেই শেষ। 


এবার আসি মিহিদানায়। দুএকবার খেয়েছি ঠিকই। কিন্তু কোনদিনই খুব ভালো লেগেছে বলে মনে পড়েনা। ট্রেনে যাওয়ার পথে বর্ধমান ষ্টেশনে দেখতাম খুব মিহিদানা আর সীতাভোগ বিক্রি করত। মিহিদানা আর সীতাভোগের সাথে আমার নিবিড় পরিচয় এই বর্ধমানেই।  বর্ধমানের ব্র‍্যাণ্ড এমবাসাডর কিন্তু এখনো এই মিহিদানা আর সীতাভোগ।  আর এই স্পেশালিটি মিষ্টির এক নম্বর দোকান গণেশের দোকান। আগে কার্জন গেটের অনেক ভেতরে ছিল গণেশের দোকান।  এখন বড় রাস্তায় তিনকোনিয়া বাস স্ট্যান্ডের কাছে বিরাট দোকান করেছে। রমরমে ব্যাবসা। লোকের যতই সুগার হোক, এর চাহিদা বেড়েছে বই কমেনি।

তবে আমার কিন্তু সীতাভোগই বেশী পছন্দের। তাও বর্ধমানের নয়, এই কলকাতারই। আমি তিনবছর স্টেট ব্যাঙ্কের ক্যালকাটা ইউনিভার্সিটির চার্জে ছিলুম।সেই সময় বহুগুণীজনের সান্নিধ্য পেয়েছিলাম।  সুরঞ্জন দাস, চিন্ময় গুহ আরো বহু বহু জনের। এদের সাথে আজ আর যোগাযোগ নেই। কিন্তু পুঁটিরামের সীতাভোগের সাথে আজও আমার অন্তরঙ্গ যোগাযোগ রয়ে গেছে। সেরা সীতাভোগ অবশ্যই কলেজ স্কোয়ারের পুঁটিরামের দোকানের। পেতে পারেন যদি সকাল সকাল যান। খুব চাহিদা,  আস্তে না আসতেই উধাও হয়ে যায়।


ডিম হলো, মিহিদানাও হলো। সীতাভোগও পরিবেশন করলাম অতিরিক্ত।  এবার তাহলে তৈরি থাকুন ডিমের মিহিদানার জন্যে। এটা বাংলাদেশী রেসিপি৷ এই বাংলায় এই পদের পদকর্তা আমার কন্যাসমা রাধিকা,শ্যালিকা কন্যা।  যা আমাদেরও বিনোদিত করছে কখনো কখনো । দারুণ লাগলো খেতে।  সাধারণ মিহিদানা নয়। মিষ্টি মিষ্টি ডিম ডিম। It’s different. সঙ্গে ডিমের মিহিদানা তৈরির ভিডিও দেখে নিন ইউ টিউবে। মেয়ে বা বউমাকে বলুন একদিন তৈরি করে খাওয়াবে। ভাল লাগলে রাধিকাকে ধন্যবাদ দেবেন। না লাগলে চেপে যান।😁

Monday, 22 June 2026

আমার ছোটবেলা

 আমার ছোটবেলা


জীবনের যে পর্যায়ে পড়ে আছি, সেটা শুধুই স্মৃতি রোমন্থনের সময়। এখন অবশ্য আগের মতো নয়। এই সোশ্যাল মিডিয়ার দৌলতে আমার মতো যাদের বয়স বেড়ে  গেছে, তারাও যথেষ্ট স্মার্ট আর সক্রিয়ও। ঘোরাফেরা,  বন্ধুবান্ধবী কোন ব্যাপারেই তারা আগেকার দিনের বুড়োদের মতন আনস্মার্ট নয়। তবুও আসে একটা সময়, যখন ফেলে আসা দিনগুলো কড়া নেড়ে নেড়ে জানান দিয়ে যায়। আমরাও ছিলাম তোমার জীবনের শুরুর দিনগুলোতে।

আসলে আমি মানুষ হিসেবে খুব সেনসুয়াল। তাই পুরনো দিনের যাপন আজও আমার মনে নাড়া দিয়ে যায়।

আমার শহর,আমার মা, আমার বাবা, আমার ভাই-বোনেরা, বন্ধুরা। ফেলে আসা ছোটবেলার বন্ধুদের কথা স্পষ্ট মনের পর্দাই ভেসে ওঠে। একেবারেই জীবন্ত যেন কালকের দেখা ঘটনা। হাত বাড়ালেই যেন ছোঁওয়া যাবে।কিন্তু তা তো নয় তাদের অনেকেই যে আজ অজানালোকের বাসিন্দা। হাজারো ডাক, হাজারো হাহাকারেও তারা স্তব্দ হয়েই থাকবে। দেয়ালে টাঙানো ছবির মতই। 


আমার শহরের নাম অনেকেই জানেন মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ।জঙ্গিপুর মহকুমার সদরশহর। আমার স্মৃতিতে একটা ছোট্ট সুন্দর সাজানো শহর। কোর্ট কাছারী,স্কুল কলেজ,অফিসপত্র সবই ভাগীরথির এইপারে অর্থাৎ রঘুনাথগঞ্জে আর ওপারে জঙ্গীপুর শহর। ধারে ভারে জঙ্গিপুর কিন্তু এইপারের রঘুনাথগঞ্জের তুলনায় অনেক ছোট আর গুরুত্বহীন। তবে জঙ্গিপুর কলেজ কিন্তু জঙ্গিপুরেই। আমার দাদা,দিদিরা সবাই এই কলেজেই পড়ত। তখন পারাপারের একমাত্র বাহন ছিল নৌকা। সদরঘাটের খেয়া পার হয়ে যেত হত ওপারের জঙ্গীপুর কলেজে।


এইখানেই আমার জন্ম কোন এক বৈশাখের পঁচিশে।তারিখটা নিশ্চয় চেনা চেনা লাগছে।সত্যি বলতে জীবনে এই একটাই আমার প্রাপ্তি। পঁচিশের দড়ি ধরে ঝুলে পড়া। তাই তো সারাজীবন একটা পদ্যও না লিখে কেমন কবিগুরুর সঙ্গে ঝুলে রয়েছি।তবে কবিতা যে একেবারের লিখিনি তা তো নয়। প্রথম যখন একটা সুন্দরী কিশোরী মনের মধ্যে তোলপাড় তুলতো তখন লিখেই ফেলেছিলাম, ' মঞ্জু তোমাকেই'। নেহাৎ মন্দ হয়নি। সেই কবিতা আর কবিতার মঞ্জু আজও রয়ে গেছে ষোড়শী রুপে আমার মনের গভীরে। সে অবশ্য একটু বড়কাল মানে সদ্য গোঁফ ওঠা বয়সের কথা। এ বয়সে ছেলেরা একটু এঁচোড়ে পাকা হয়। আমিও বাদ যাইনি। তো এসব কথা পরে আসবেখন। এখন শুনুন আমার ছোটবেলার ছোট কথা আর ছোট্ট শহর  রঘুনাথগঞ্জের কথা।আমাদের শহর ছিল বড় সুন্দর। ছোট্ট কিন্তু ঝকঝকে তকতকে। এখনকার মত এত আবর্জনার রমরমা তখন দেখিনি। ময়লা না ছিল বাইরে না সেইসময়ের মানুষের মনের মধ্যে। আজ যখন সেইসময়ের মানুষদের কথা ভাবি, তাদেরকে মনে হয় সব রুপকথার চরিত্র। এখনকার মানুষদের মত এত বিবর্ণ বা স্বার্থপর নয়। 


এত সব ভাবতে ভাবতে বিষয় থেকে কখন গেছি সরে। যা বলছিলাম রঘুনাথগঞ্জ ভারী সুন্দর শহর। ভাগীরথি নদী বয়ে গেছে এর পাশ দিয়ে।এখানে আরো একটা ছোট নদী আছে, খড়খড়ী তার নাম। সে নদীতেও অনেক মাছ। ছোট্ট নদী কিন্তু বড় সুন্দর।


আসল নদী কিন্তু ভাগীরথী। ফরাক্কা থেকে ধুলিয়ান, নিমতিতা হয়ে মিশে গেছে সাগরে। তার একপাশে রঘুনাথগঞ্জ আর অন্যপারে জঙ্গীপুর।A tale of two cities এর মত ব্যাপার। একে অন্যের পরিপূরক।ভারী মৃদুছন্দে বয়ে চলা জীবন। কোন ব্যস্ততা নেই। সবাই সবাইকে চেনে।তারা হয় কাকা,জ্যাঠা, দাদা, দিদি এইরকম আর কি। সবাই সবাইয়ের সাথে আত্মীয়তার সুরে বাধা। আমার তো অনেকটা Malgudi Days মতই মনে হয়। আসলে আমাদের সবারই মালগুড়ী ডেস কোথাও না কোথাও আছে। সবার হয়ত মনে থাকে না। আমার থেকে গেছে। কারণ আমি তো বড় হয়নি,সত্যিই হয়নি। ছোটই থেকে গেছি। 


আমাদের ছোট্ট শহরে কয়েকটা মাত্র পাড়া ছিল, খুব কাছাকাছি,ঘেষাঘেষি করে, গুষ্ঠিসুখের ওম নিত সবাই। এবার শুনুন আমাদের পাড়াগুলোর নাম। আমাদের বাড়ী এখনও আছে ফাঁসীতলায়,(শুনে ভয় পাবেন না, আমরা অতি সজ্জন লোক, কাউকে ফাঁসিতে ঝোলানো আমাদের কম্ম নয়, সেসব হয়েছিল বৃটিশ আমলে,গোরা সাহেবরা কাকে ফাঁসি দিয়েছিল, সেইথেকেই এই নাম),পাঁকুড়তলা,সেখানে এখনো একটা পাঁকুড় গাছ আছে বা রয়েই গিয়েছে সেই স্বাধীনতার আগে থেকেই,বাজারপাড়া, দরবেশ পাড়া, ফুলতলা, সদরঘাট,ম্যাকেঞ্জী পার্ক,বালিঘাটা আরো কিছু। শরৎ পন্ডিত মশাইকে মনে আছে নিশ্চয়, আরে দাদাঠাকুর।যার পন্ডিত প্রেস আজও আছে, আর সেখান থেকে ‘জঙ্গীপুর সংবাদ’ আজও বেরোয়।শরৎ পন্ডিতের জীবন নিয়ে দাদাঠাকুর সিনেমা হয়েছিল। ছবি বিশ্বাস করেছিলেন। তো দাদাঠাকুর ছিলেন আমার দুই বন্ধু রবি আর অনুত্তমের দাদু। আমি তো প্রায়ই তার বিছানার পাশে বসে তার সঙ্গে গল্প করতাম। উনি যে এত নামকরা লোক তখন কি আর জানতাম, তবে তিনি নজরুলের কথা, সুভাষের কথা,  পুরনো দিনের অনেক কথা বলতেন। তারা সব সেইসময়ের ইয়া ইয়া লোক। দাদাঠাকুরের অবারিত সমাদর ছিল, এদের আড্ডায়।

দাদাঠাকুরের বাড়ীর কেউই কিন্ত জুতো বা চটী পরতেন না। খালি পায়ে হাঁটতেন সেই সময়ে। রবি আর অনুত্তমকেও দেখেছি খালি পায়ে স্কুলে আসতে। জানিনা, আজ নিশ্চয় সেই রেওয়াজ আর চালু নেই।


জঙ্গিপুরের আর একজনকে আপনারা চিনবেন।  বিখ্যাত ধনী হরিশ পোদ্দার।  অবশ্য অনেকেই তার নাম শুনে থাকবেন যদি সত্যজিত রায়ের ''সোনার কেল্লা' দেখে থাকেন। তাতে ফেলুদার মুখে একটা সংলাপ আছে “এ তো আর জঙ্গীপুরের হরিশ পোদ্দার নয়, যে কথায় কথায় লাখ দু'লাখ ফেলে দেবে“ 


মুশকিল হল, রঘুনাথগঞ্জে অন্তত আমাদের কালে, সবাই সবাইকে চিনতেন, তাই কিছুটা ভয়ও কাজ করতো। কোনও বদমায়েশি  করে নজর এড়িয়ে যাওয়া খুব মুশকিল ছিল।


মনে আছে, একবার আমার ছোটবেলায় টিউশন ফাঁকি দিয়ে জঙ্গলী সিনেমা দেখতে গিয়েছিলাম। তখনকার দিনের খুব সাড়া জাগানো সিনেমা। সায়রা বানুর প্রথম ছবি। শাম্মী কাপুর নায়ক।  ভয়ে ভয়ে বেড়িয়েছি হল থেকে। কেউ যদি দেখে ফেলে, কপালে কষ্ট আছে। 

ছোটকাকার কাছে ঠিকই ধরা পরে গেলাম।অবশ্য তাতে ক্ষতি বিশেষ হয় নি। আমার ছোটকাকা আমাকে রিক্সা করে ছায়াবাণী সিনেমা হল থেকে নিয়ে গিয়েছিল।বাবার কানে তোলে নি, তুললে চড়চাপাটি পরত নির্ঘাত।


এ কথায় সেকথায় বড় দিকভ্রান্ত হয়ে পরছি। গুছিয়ে বলা হচ্ছে না কিছুই। তাই এবার শুরুর শুরু করি। তবে শুরুতে একটা কথা বলতে ইচ্ছে করছে। আমি বোধহয় আমার ছোট বয়সে একটু সুদর্শনই ছিলাম।আমার বয়স তখন মাত্র ৮। আমার পাড়ার এক কাকার ইচ্ছে ছিল বড় হলে তার মেয়ে পাঞ্চালীর সঙ্গে আমার বিয়ে দেবার। শুনে সেই বয়সেই কী আনন্দই না হয়েছিল। তাই শুনে ডগমগ হয়ে বাড়ীতে ফিরেই পাউডার মেখে আমার সেই অপরুপ মুখ আয়নায় দেখে নিজেই চমৎকৃত হয়েছিলাম। ছবি আঁকতে জানলে সে ছবি আপনাদের দেখাতে পারতুম। তবে সে ছবি আমার মনের মণিকোঠায় জমা আছে আজও। আর কিশোরী পাঞ্চালীরও।  


তারপর জীবন গিয়েছে চলে কুড়ি কুড়ি বছরের পার। পাঞ্চালীর সঙ্গে আর দেখা হয়নি। কী জানি কোন অর্জুন তাকে জয় করে  নিয়ে গেছে।

Thursday, 28 May 2026

জামাইষষ্ঠী




 বেলাশেষে জামাইষষ্ঠী 


কাল গেছে জামাইষষ্ঠী।  প্রতিবারেই আসে আবার চলেও যায়। শ্বশুর বাড়ী থেকে ডাক পড়ে নি কোনদিনই। তাদের নাকি নেই ওইসব। কি জানি কোন মগের দেশে বিয়ে হয়েছিল। অদ্ভুত সব নিয়ম।  জামাই ষষ্ঠী নেই,ভাঁইফোটা নেই। কি অদ্ভুত না? এরা অবশ্য নিজেদের বাঙালী বলে দাবী করে না। বলে তেনারা নাকি বাঙাল। বাঙালির একদম উল্টো মেরুর মানুষজন।  আসলে কোন ছোটবেলায় বে হয়েছে, বুঝতেই পারিনি কি হচ্ছে, হচ্ছেই বা কোন মগের মুল্লুকে। বুঝলে কি আর ওমুখো হতুম? তবে যাই বলিনা কেন, আমার শ্বশুর,শ্বাশুড়ি ভারী ভালোমানুষ ছিলেন। অযাচিত স্নেহবর্ষণ করে গেছেন জীবনভোর।  আর জামাইষষ্ঠী নিয়ে একটা আফসোস থেকে গেলেও তা পুষিয়ে দিয়ে গেছেন কিন্তু ষোল আনায় নয় আঠারো আনায়। আর এখন তো শ্বশুর শ্বাশুড়ি দুজনেই প্রয়াত। তাই সেই ডাক পাবার আশা, ভরসা গেছে টুঁটে।


কাল গেছে এক বিস্ময়কর দিন। বেলাশেষের মরসুম যাচ্ছে। করোনায় আপন করে নেয়, না আমfun আমায় নিয়ে লোফালুফি খেলে তাই নিয়েই ত্রস্ত থাকি। 

এসময় ওপর থেকে ডাক! না না সে ওপর নয়, ওপরের ফ্ল্যাটে ছোট শ্যালিকার দুই সুপুত্রী,রাধিকা আর রুকমিনীর কাছ থেকে জরুরী তলব। যেতে হবে, ভারী জরুরী কাজ। 


 গিয়ে তো বিস্ময়ে শিবনেত্র অবস্থা। আজ নাকি আমাদের জামাইষষ্ঠী।  এ কি বিস্ময় জাগে প্রাণে। শ্বশুর শ্বাশুড়ি বেঁচে থাকতে হলোনি। আজ বেলাশেষে এ কোন আমন্ত্রণ?  ভারী মজবুত আর দমদার বন্দোবস্ত। জামাইষষ্ঠীর কেক,গ্লাসভর্তি সোনালী পানীয় আর আরসালানের বিরিয়ানি। কাল যেন আসমান থেকে খোদার রহমৎ ঝরে পড়ল। ওই যে কথায় আছে না, ভগবান কা ঘর মে দের হ্যায় আন্ধের নেহী।


আঁধার কেটে যখন আলোর প্রকাশ হয়েই গেল তখন থেকেই যাই আর কবছর, কি বলেন? আপনারাও দাবী তুলুন, "আসছে বছর আবার হবে।" 

আমার বিশ্বাস আগামী বছরও হবে। হতেই হবে। আর এবারের মতই সে উৎসবেরও পুরোহিত হবেন এরাই, রাধিকা আর রুকমিনী।

Thursday, 21 May 2026

ভূত অদ্ভুত



 ভূত আর অদ্ভুত 


আপনারা কেউ কি ভূতে বিশ্বাস করেন বা ভগবানে? আসলে বিশ্বাস আছে বললেই যে তাকে ইনিয়ে বিনিয়ে দশ বিশটা কারণ দেখাতে হবে তা নয়।  আসলে বিশ্বাস আছে বললেই হবে। কিউ কি, বিশ্বাসটা আমাদের ভীষণ প্রয়োজন😁। কারণ এই বিশ্বাস না থাকলে আমি,আপনি কোন দমকা হাওয়ায় উড়ে গিয়ে কোন কৃষ্ণ গহবরের ভেতর সেঁধিয়ে যাব সে কোন শর্মাই বলতে পারবে না। তাই ভয়ে বা ভক্তিতে যাই হোক, বিশ্বেস ভারী জরুরী।


আমার আবার ভূত আর ভগবান দুটোতেই ভারী ভক্তি। ভগবান কে দেখিনি ঠিকই কিন্তু লক্ষ কোটি মানুষের বিশ্বাসে, শ্রদ্ধায় তার অস্তিত্বের একটা আভাস তো পাওয়া যায়। বৈষ্ণোদেবীতে যখন গিয়েছি দেখি একই রাস্তায় হাজারো মানুষের ভীড়।  তারা সবাই যে শক্ত সবল তাও নয়। তবু কি এক বিশ্বাস তাদের টেনে নিয়ে চলেছে শিখরের দিকে। তারা শেষে কি পেল জানি না? বেদীতে বসান  বৈষ্ণোদেবীর তিন টুকরো পাথর আমার বিশ্বাসের নিক্তিতে স্থান পায়নি ঠিকই কিন্তু আসার পথে শত সহস্র মানুষের যে বিশ্বাসের রুপ আমি দেখেছি তাকে উড়িয়ে দেব এমন সাধ্যি আমার নেই। শুধু যে তীর্থস্থানেই ভগবানের দেখা মেলে তা কিন্তু নয়। পথে বেরোলেই তার দেখা মেলে। আজকেই সুফি সাধক রুমির একটা লেখা চোখে পরল।

ভ্রমণে  বেরোলেই তুমি পাবে শক্তি আর ভালোবাসা। আর ভালবাসাই তো ভগবান। আমার ভগবান আমার এই দেশ,এই পৃথিবী আর তার লক্ষকোটি মানুষ। এই ভগবানের দেখা মেলে চলার পথে, চেনা অচেনার ভিড়ে।


আর ভূতেও আমার ভারী বিশ্বেস আর ভালোবাসাও।সেই কবে ডিকেন্সের " ক্রিশমাশ ক্যারল' এর সেই উপকারী ভূতকে ভালোবেসে ফেলেছিলুম,সেই ভালবাসা সময়ের সাথে সাথে গাঢ় হয়েছে  কিন্তু একটুও ম্লান হয়নি, দ্যুতি ছড়িয়েই চলেছে। এ ভূতেদের আমি দেখেছি, আমার ছোটবেলা জুড়ে জড়িয়ে আছে তারা। আমার ছোটবেলা কেটেছে জিয়াগঞ্জের ভট্ট পাড়ায়। আমাদের বন্ধু,  নব নালন্দার অনিরুদ্ধ, তার দেশের বাড়ি এই ভট্টপাড়ায়। তো এখানের ভূতই বলুন বা অশরীরী, তারা কিন্তু ভারী মানুষ ঘেঁষা। সন্ধ্যে হতেই তারা আমাদের সঙ্গী হত। ঘরে, বাইরে, আবছা আলোর ঝাপসা অন্ধকারে তাদের উপস্থিতি  বেশ ভরসা যোগাত আমাদের। এবার বহুবছর পরে জিয়াগঞ্জে গিয়ে তাদের আর দেখা পেলুম না। আমাদের পুরনো শ্যাওলা ধরা বাড়ির জায়গায় মাল্টিস্টোরিড ফ্ল্যাট বাড়ি উঠেছে। সেখানে আর তাদের স্থান হয়নি।  সেইসব ভূতেরা বোধহয় আমার ছোটবেলার মতই হারিয়ে গেছে। আর ফিরে আসবে না।

Saturday, 16 May 2026

মন্দারমণি

 গতবছর আজকের দিনে শুধু আমি নয় আমরা তিনজন মন্দারমনিতে।আছে গৌতম আর কানু শেঠও। সোলো ট্র‍্যাভেলার আমি মোটেই নয়। বন্ধু বান্ধব দুচারজন চাইই চাই। না হলে ঘুরে বেড়িয়ে ঠিক মেজাজ মস্তি কোনটাই আসে না।

আজ হঠাৎই আসা। নেহাৎই কি বেড়াতে?  ন্না। আজকাল অনেক রকম ট্যুর বেরিয়েছে না,  মেডিকেল ট্যুরিজম, বিজনেস ট্যুরিজম ইত্যাদি ইত্যাদি।  এগুলো সব একটা কিনলে একটা ফ্রি কনসেপ্ট থেকেই পাওয়া। আমাদের এটাও সেইরকমই গোছের কিছু। হোটেল বা রিসোর্টে কিন্তু উঠিনি। উঠেছি কোথায়? শুনলে অবশ্য আপনাদের চমকাবারই কথা। আমাকে যারা চেনেন তারা নিশ্চয় ভাবছেন এই কাফের আলাকুদ ছোকরার ধম্মে মতি হলো কবে? সত্যি বলতে কি, এটা সেইরকম রিলিজিয়াস ট্যুরিজম জাতীয় কিছু না। নির্ভেজাল বেড়ানও নয়। এটা অনেকটা সামাজিক দায়িত্ব মূলক ট্যুরিজম। কানু শেঠ এই আশ্রমের বেশ কিছু উন্নয়ন মূলক কাজ করছে। স্কুল রঙ করাচ্ছে, জলের ব্যবস্থাও করছে। বেশ লাখ লাখের ব্যাপার। সেটা ওর একার দায়িত্ব। ওর মধ্যে আমরা নেই। আর থাকবই বা কি করে?  আমাদের তো পেনশন নিয়ে টেনশন আভি তক জারী হ্যায়। ব্যাঙ্ক মানছে না মোটেই।


 সে যাইহোক,আগামী তিনদিন আমাদের দিন গুজরান এই রামকৃষ্ণ মিশনের আশ্রমেই। চারবেলা থাকা খাওয়া আর বিশ্রামের ব্যবস্থাও এখানেই। আমাদের মানে আমার আর গৌতমের একমাত্র কাজ ঘুরে বেড়ানো আর মস্তি করা। সমুদ্রের ধারে সন্ধ্যের ফুরফুরে হাওয়ায় বসে বিয়ার ক্যানে সিপ দেওয়া। এটাই আমরা এট বেস্ট করতে পারি কানুর জন্যে। ও ওদিকে স্কুলবাড়ী রঙ করুক, জলের পাম্প বসাক, যা ইচ্ছে করুক।

রামকৃষ্ণের কথাই যখন এলো আর তার আশ্রয়েই যখন থাকব কদিন, তখন যদি গৃহকর্তার প্রশংসায়, দু চার কথা না বলি, তাহলে নিমকহালালি না বরং নিমকহারামির কাজ হবে।


সবাই চেনেন তো রামকৃষ্ণকে? অবশ্যই চেনেন।  বাংলায় থাকেন আর রামকৃষ্ণদেবকে চেনেন না, এটা হতেই পারে না।অন্তত নাম তো শুনেছেন। আমিও আপনাদের মতো। তার নাম অনেক শুনেছি। শ্রীম'র লেখা রামকৃষ্ণ কথামৃত একখানা আমারও আছে। পড়িও মাঝে মধ্যে। ভালোই লাগে। গ্রামের সহজ সরল লোক। পড়াশোনা স্বভাবতই বেশী কিছু করেননি। কিন্তু শুনেছি তিনি স্বভাবজ্ঞানী ছিলেন। অনেক দামী দামী কথা নাকি বলে গেছেন। এ আমার বিশ্বেস হয় না ঠিক। তবে হতেও পারে। শ্রীম তো তাই লিখে গেছেন। শ্রীম আমার খুব চেনা। ওনার পাড়াতেই আমি ব্যাঙ্কের ম্যানেজারি করেছি বেশ ক'বছর। ওনার প্রপৌত্র, দীপক গুপ্তা মহাশয়ের বেশ ঘনিষ্ঠ বৃত্তে ছিলাম।  এখন আর উনি নেই অবশ্য। তবে ওনার কাছে আমার অবিশ্বাসের কথা, দিল খুলকে বাতা দিয়া থা। দীপকবাবু সজ্জন ব্যক্তি।  আমার কথায় রেগে তো যানইনি। বরঞ্চ বললেন যেটুকু আপনার বিশ্বাস সেটুকুতেই থাকুন। বাকী সব বাদই থাক।


 তবে বিশ্বাস ভক্তি আমার রক্তে নেই।আমাদের হেরেডিটিও বলা যায়। পরদায়েশী অবিশ্বাশী।  আমিই আমার গুরু আর চ্যালা দুটোই। তবে চোখ কান খোলা থাকে সততই। জল বাদ দিয়ে দুধটুকুই নি, ঠিক পরমহংসের মতোনই।


তবে রামকৃষ্ণ দেবের অনুগামী তো প্রচুর। অনেক আচ্ছা আচ্ছা লোক।আমার ডাক্তারবাবুই তো তার বিশাল ভক্ত,অনুগামী। আমার জান মালের না হোক,জানের বকলমা তো তেনাকেই দিয়ে রেখে আমি নিশ্চিন্তে ঘুরছি গিরিশের মতো। তাকে না চটানই মঙ্গল। তাই এখানেই রামকৃষ্ণ চর্চা বন্ধ রাখলুম।


তবে এসময় মন্দারমনি না যাওয়াই ভাল। যা গরম, প্রাণ যায় যায় অবস্থা। নেহাৎ বম্বে রিসোর্ট ছিল। ওদের একটা পাবে গিয়ে আমি আর গৌতম বসে থাকতুম আর বিয়ারের বংশ ধ্বংস করতুম।







Tuesday, 12 May 2026

মামা ভাগ্নে

 মামা ভাগ্নে

'নরানাং মাতুলক্রম' 

কথাটা শোনা শোনা লাগছে না? আরো আছে, 'বৃদ্ধস্য তরুণী ভার্যা' 'মিষ্টান্ন মিতরে জনা'। সব শাস্ত্রবচন। আমি অতো শাস্তর বিশারদ নই। তবে কানে আসে। তাই দু'একটা কথা বলেও ফেলি। 

প্রথমেই বলে ফেলি, আমি মোটেই ততোটা বুড়ো নই, যতটা আমাকে দেখায়, তার থেকে মনে প্রাণে আমি ঢের ঢের নবীন। আর চলনে বলনেও প্রবীণ বা বুজর্গ এর ছাপ ততটা পরেনি যতটা পড়া উচিত ছিল। এর জন্যে ক্রেডিট বা ডিসক্রেডিট যদি কাউকেও দিতে হয়, সে সব আমার যোগাসনের  গুরুমশাইদেরই প্রাপ্য। আর ভার্যা মোটেই আর তরুণী নন। বরং যেদিন ধরণী তরুণী ছিল গোছের একটা ব্যাপার। এ ব্যাপারে বেশী কথা না বলাই নিরাপদ। 

সে সব কথা যাক। কথা হচ্ছিল মামা আর ভাগ্নের বিষয়ে।  ভাগ্নেরা মামার ছাঁচেই নাকি অনেকটা ঢালা। এ কথা কি সত্যি? ভাগ্নে যদি আপনার থাকে মিলিয়ে দেখুন তো একবার।  হয়তো আপনার বেলায় মিললেও মিলতে পারে।আমার তো বিন্দুমাত্র মেলেনি। শর সে পাও তক। আমাকে তো চেনেন। আমার চরিত্রও জানেন। অবশ্যি নিজের চরিত্তির নিয়ে ওতো ঢাঁক পেটাব না। কবে কোথায় কি বেড়িয়ে পড়ে, কে জানে। থাক বরং।  অতটা গব্ব না করাই ভালো।  

তবে মোটের উপর মানে মোটামুটি আরকি,আমি নির্ঝঞ্ঝাট টাইপের লোক। কোনকিছুতেই গা লাগাই না। ওই 'হচ্ছে হোক' জাতের মানুষ। কিছুতেই হেলদোল নেই। স্রোতের সাথে গা ভাসিয়ে চলা, এই হচ্ছে আমার কাজ। হাঁত পা ছুড়ে স্রোতের বিপরীতে সাঁতার কাটা আমার বিলকুল নাপসন্দ। ওই স্রোতে গা লাগিয়েই তো বিপদে পড়েছিলাম। একবার নয় দুবার। জানমালের সলিল সমাধি আর কি। জঙ্গীপুরের ভরা গঙ্গা সাঁতার দিয়ে পার হতে গিয়ে একেবারে ভেসে গিয়েছিলাম।  ভাগ্যিস সতু ছিল। তাই চুলের মুঠি ধরে আর ধাক্কা দিয়ে দিয়ে পাড়ে টেনে এনেছিল। সতু ছিল বলেই আজও আমি রয়ে গেছি। আর আপনাদের আমার বকবকানি শুনতে হচ্ছে। সব ওই সতুর দোষ।  আমার কোন দায়ও নেই, দায়িত্বও নেই। যত দোষ ওই সতু ঘোষ। মাঝেমধ্যে সতুর কথা মনে পড়ে অবশ্য । হাজার হোক আমার জীবনদাতা।  কি জানি এখন কোথায় আছে বা নেই? তবে সতুরা সতুই থাকে সারাজীবন।  বিপদ দেখলেই ঝাপিয়ে পড়ে কোনকিছুর পরোয়া না করেই।

ভাগ্নের কথা বলতে গিয়ে অনেক কথাই এসে যাচ্ছে। আসলে ওর জীবনের অনেকটা জুড়েই আমি জড়িয়ে আছি। ঠিক প্রত্যক্ষ ভাবে নয়, পরোক্ষ হলেও খুব নিবিড় ভাবে। ওর জন্ম আমাদের বাড়ীতে লালবাগেরই হাসপাতালে।  সেখানে দিদির রাতের খাবার দিতে গিয়ে খরিস সাপের সাথে মুখোমুখি মুলাকাত । ছোবল তুলে চোখে চোখ দিয়ে কয়েক মূহুর্ত স্থির হয়ে দাঁড়িয়ে রইল। ছোটেনবাবের ইয়ারদোস্ত জেনে, ছোবলটা আর দেয়নি। নবাবের দেশের সাপ তো, তাদের মর্জিমেজাজই আলাদা জাতের। সেই সাপটার কথাও আজকাল আমার মনে পড়ে। সতুর মতো সেও আমার জীবনদাতা। না হলে সেদিনও এক ছোবলেই ফুঁ হয়ে যেতাম। 

ভাগ্নের জন্ম হলো। ভাগ্নের পড়াশোনার এক অধ্যায়ও কেটেছে আমাদের কলকাতার বাড়ীতেই। ওর সেলে চাকরিরও এক অধ্যায়ের সাথে আমি জড়িয়ে আছি। আর ওর বিয়ে সেও আমার নিয়ে আসা সম্মন্ধ দিয়েই।

এইভাবে ভাগ্নের জীবনের সাথে পাকে পাকে জড়িয়ে থাকা স্বত্বেও ওর সাথে আমার বেজায় অমিল। আমার মতো বেহিসেবী, বেআক্কেলী নয়। ভীষণ হিতাহিত জ্ঞান, ক্যারিয়ার নিয়ে সচেতন, হিসেবী পদক্ষেপ আজ ওকে নিয়ে এসেছে সাফল্যের চূড়ায়। এতদিন সেল আর এনটিপিসিতে কাজ করে ও আজ ডিভিসির ডিরেক্টর হয়ে কলকাতায় ফিরে এসেছে। আজ যাচ্ছি ওরই সানি পার্কের বাসায়। ডিনারের নেমন্তন্ন। 

জীবনের সব সাফল্যই আজ ওর করায়ত্ত।  কিন্তু বেচারী না জানলো বিড়ি ফোঁকার আনন্দ, না বুঝল এই আপ্তবাক্য  যে ' সাগর সে গেহরা যাম'।  না পেল মামার মতো স্রোতে ভেসে যাবার আনন্দ। আপাদমস্তক ভালো ছেলেই রয়ে গেল সারাজীবন। আসলে ওর জীবনে সতুর মতো বন্ধুরা আসেনি। আজ যদি আবার জীবনে আমার কিছু বেছে নেবার সুযোগ আসে, তবে আবার স্রোতে ভেসে যেতেই চাইব। চাইব সতুর মতো বন্ধুদেরই। রামকৃষ্ণদেবের মতই বলব, এই নাও মা তোমার পাপ, এই নাও তোমার পূণ্য আমায় আবার মহাকালের স্রোতে ভাসিয়ে দাও মা। এই নাও মা তোমার ভক্তি এই নাও তোমার অভক্তি , আমায় সতুর মতো বন্ধু আবার দিও মা।

Tuesday, 28 April 2026

পটলার তেলেভাজা আর লড়াইয়ের চপ

 পটলার তেলেভাজা আর লড়াইয়ের চপ


আসল কলকাতা যদি চিনতে হয়, জানতে হয়, তাহলে আপনাকে আসতে হবে উত্তর কলকাতাতেই। শ্যামবাজার, বাগবাজার, হাতীবাগান  অঞ্চলেই। বেঙ্গল রেঁনেসার একঝাঁক উজ্বল সব জ্যোতিষ্কের সমাবেশ ঘটেছিল এই উত্তরেই। বাঙালীর যা কিছু গর্বের তার অনেকটা জুড়েই আছে উত্তর কলকাতা।  সুনীল গাঙ্গুলীর 'সেই সময়' পড়লে, সেকালের অনেকটাই ধরা যায়। এতো গেল বাঙালীর বৌদ্ধিক চর্চার দিক।কিন্তু সেকালের কলকাতার বাঙালীরা যে ভোজন বিলাসীও, তার খোঁজও আপনি পাবেন এই উত্তর কলকাতাতেই। এপারের বাঙালীরাও স্বভাবগত ভাবে ভোজন বিলাসীও। নানারকম সুখাদ্যের সমাহার এই উত্তর কলকাতাতেই। নকুড়ের মিষ্টি কেউ খেয়েছেন? আজও তার জুড়ি মেলা ভার। নকুড়ের মিষ্টির দোকানের জগৎজোড়া নাম যদি বলি, খুব কি ভুল বলা হবে?কে না খেয়েছে এই দোকানের মিষ্টি? রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিভিন্ন দেশ বিদেশের রাষ্ট্র প্রধান এবং আরো সব বিখ্যাত মানুষজনেরা। আম্বানীর ছেলের বিয়েতেও আলো করে ছিলো এই দোকানের সন্দেশ। এরা শুধু সন্দেশই বানান, রসের মিষ্টি নয়। ঠিক হেদোর উল্টোদিকে  রামদুলাল সরকার স্ট্রীটে  এই দোকান। পারলে যাবেন একদিন, এর সন্দেশের স্বাদের জবাব হয় না, হবে নাও কোনদিন।  কেননা এর পরতে পরতে ইতিহাসের গন্ধ মাখানো। মীর্জা গালিব কলকাতায় থাকাকালে, এই অঞ্চলেই ছিলেন অনেকদিন।  তখন কি এই দোকান ছিল? থাকলে তিনিও আসতেন ঠিকই, তাহলে সন্দেশ নিয়ে তার লেখা  কিছু শের শায়েরীতে অবশ্যই থাকতো। 


এ অনেকটা ধান ভানতে শিবের গীত হয়ে যাচ্ছে না? একদম। ভেবেছিলাম আজ শিল্প নিয়ে কিছু লেখালিখি হোক। কিন্তু, ' দিদির রাজ্যে পৃথিবী গদ্যময়।' শিল্প কোথায় যে লিখব? বাঙলা থেকে শিল্পটিল্প বহুদিন গেছে উঠে। কি করা যায়? আরে চপভাজাও তো ইদানীং শিল্পের মর্যাদা পাচ্ছে। তার বেলা? 'তেলের শিশি ভাঙলো বলে খুকুর উপর রাগ করো' ওটি চলবে না।

উত্তর কলকাতার অলিতে গলিতে চপ শিল্পের রমরমা। আর আজ তাদেরই কাউকে নিয়ে হয়ে যাক মেগাসিরিয়ালের শুরুবাত? ঠিক কি না? ঠিক ঠিক। আপনাদের অনুমোদন নিয়েই তাহলে চপ হোক, শিল্প।


আজকের এই শিল্পোদ্যোগী মহাশয়ের নাম অবশ্যই আদি অকৃত্তিম পটলা। আর দোকানের নাম,লোকমুখে পটলার তেলেভাজার দোকান। এর একটা পোশাকি নামও আছে, সেটা হলো, Patla's snacks. এই দোকানের সিগনেচার আইটেম কি বলুন দেখি? ' 'লড়াইয়ের চপ'।  এই চপ আর মুড়ি নিয়ে   কেউ কি লড়াই করতে যায়।

? যায় হয়তো, আমার জানা নেই। তবে এই ভোটের রাজ্যে, অলিতে গলিতে যখন লড়াই লড়াই, লড়াই চাই এইরকম একটা হাইপ চলছে। তখন সেই সব বীর যোদ্ধাদের কেউ কেউ যদি লড়াইয়ের চপ আর মুড়ি নিয়ে মিছিলে যায়  বা পথসভা করে, তাতে আমি তোকোন দোষ দেখিনা।

কিন্তু পটলা এই চপের নাম কেন 'লড়াইয়ের চপ' দিল? তারও ইতিহাস তো আছে কিছু। অবশ্যই আছে।


শুনুন তবে সেই ইতিহাস। এই লড়াইয়ের চপের জন্ম সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। তখন এই তেলেভাজার দোকানের মালিক ছিলেন, অমুল্যধন সাউ। যাকে সবাই পটলা নামেই চিনতেন। তখন যুদ্ধ চলছে জোর কদমে। তাই পটলার সেই বড় আকৃতির চপের নামও লোকমুখে ' লড়াইয়ের চপ' বলে চালু হয়ে গেল। সে যুদ্ধ কবে শেষ হয়ে। কিন্তু নিত্যনতুন যুদ্ধ তো চলছেই। আর সে সব আপনারা সবাই তো অবগত আছেন। তাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের 'লড়াইয়ের চপ' আজও লড়াইয়ের চপ। সেই ট্রাডিশন সমানে চলছে, চলবে। যুদ্ধ যতদিন চলবে, পটলার ' লড়াইয়ের চপ' ততদিনই থাকবে। ঠিক কি না? বলুন, 'ঠিক, ঠিক'।


লড়াইয়ের চপ আদতেই প্লেন & সিম্পল, আলুর চপ। আগে সাইজে বড় হতো। বেশ একটা লড়াই লড়াই ভাব থাকতো।  ইদানীং, ওতটা বড় হয়তো হয় না, তবে যত্নে ভাজা, কড়া করে।  যেটা অম্বলের রোগীদের সাথে বেশ যায় মানে খেলে আর কি। আমি তো প্রায়ই গিরীশ মঞ্চে নাটক দেখতে যায়। তখন মাঝেমধ্যেই পটলার দোকানে ঢুঁ মারি। ওদের রাধাবল্লভী আর আলুর দমটা মারাত্মক টাইপের টেস্টি। আমি ইদানীং আদি হরিদাস মোদকের নুচি ছেড়ে পটলাতেই মন দিয়েছি। তাছাড়া আছে অজস্র তেলেভাজার সম্ভার। চপ, বেগুনী , ধোঁকা,  ইত্যাদি ইত্যাদি।  আমি ওই রাধাবল্লভীতেই থেমে থাকি। আসলে আমার টাইপটাতো একটু কেষ্ট কেষ্ট , তাই রাধার সাথেই আমার ভাব আর ভালোবাসাও। 

এতো কথা যে বললাম, একবার যাবেন নিশ্চয়ই পটলার দোকানে। বাগবাজার বাটা দিয়ে ঢুকে গঙ্গামুখী হবেন। গঙ্গামুখী বলেছি,গঙ্গাযাত্রা নয়। মাইন্ড দ্যাট। বেশ কিছুটা  টোটো করে হেঁটে বা টোটোই চেপে এলেই ১৮ নম্বর বাগবাজার।  আরামসে চিনবেন।  সব তেলেভাজা প্রেমীরা ঘিরে রেখেছে,  পটলার স্নাক্স দোকান, মৌমাছিরা যেমন চাঁক ঘিরে থাকে। ভয় পাবেন না আরামসে খান। এক আধদিনই তো খাবেন। রোজ রোজ  তো নয়। জানি আপনি পেটরোগা বাঙালী,  তাই বলে লড়াই করবেন না? এবার, একটু হাঁটি হাঁটি করে গিরিশে ঢুকে পড়ুন। কোন না কোন নাটক চলবেই।দারুণ হিমশীতল একটা থিয়েটার হল। টিকিট পেয়েই যাবেন,বিরাট থিয়েটার হল। নাটক দেখার শেষে, ইচ্ছে হলে বাড়ী ফেরার পথে একটু বাণিজ্যও করতে পারেন। সব টাটকা শাকসবজি ওঠে সামনের রাস্তার দুধারেই। আর পাবেন বাগবাজার গঙ্গার ঘাট থেকে ধরা জ্যান্ত জ্যান্ত সব মাছ। টেসই আলাদা।  সীজনে ইলিশও পাবেন। গ্যারান্টি। কে না জানে বাগবাজারের গঙ্গার ঘাটের ইলিশ স্বাদে রুপে গন্ধে একেক একেকটা সব সেইকালের  'নুরজাহান',যা দুনিয়াকে আলো করে রাখে।

Monday, 23 March 2026

কালীপ্রসন্ন সিংহী

 আজ চারটে বাজতেই বেড়িয়ে পড়েছি বিশেষ এক উদ্দ্যেশ্য নিয়ে। অন্যদিন হলে উদ্যেশহীন ভাবে বেড়িয়ে পরি।  অবশ্যই উত্তর কলকাতায়। আসল কলকাতা, বাবু কলকাতা। সে কলকাতার সোঁদা গন্ধ হয়, পুরনো বিবর্ণ বাড়ী ঘরদুয়ার দেখে যাদের মন খারাপ হয়, যাদের ঘাড়ের উপর বেঙ্গল রেঁনেসার চরিত্ররা ক্রমাগত নিশ্বাস ফেলে, আমি সেরকম ভাগ্যবানদের একজন। 

আজ কেন বেড়িয়ে পরেছি, কিই বা উদ্যেশ, সে সবই বলব তার একটা পটভূমিকা আছে।আমা













দের একটা ছোট্ট ক্লাব আছে, নাম তার চার ইয়ারী। মানে চার বন্ধু সমাবেশ। আমি,শিশির, জয় আর নির্মাল্য মাঝেমধ্যেই আড্ডায় বসি। উদ্যেশ অবশ্যই আড্ডা মারা।তবে আড্ডা মারতে গেলেও, পান,অনুপানের সঙ্গত লাগে, না হলে আড্ডা জমে না। পান হয় যথেষ্টই, সেটা জোগায় শিশির প্রধানত, আর নির্মাল্য।  উৎকৃষ্ট স্কচ/সিঙ্গল মল্ট। সে যায় হোক, এখানে কিন্তু পান করাটাই অনুপান তূল্য। এখানে বিষম বিশাল বৌদ্ধিক  আলোচনা হয়। নাটের গুরু শিশির, তার সাথে সেয়ানে সেয়ানে টক্কর দেয় নির্মাল্য।  জয় মাঝেমধ্যে from Auditors point of view মূল্যবান মতামত দেয়। তবে আসর জমে যায়। ঘড়ির কাঁটা ১০টা পেরিয়ে গেলেও, কিসিকা কই পড়েশান নেহি। আজকাল এতো এপ বেড়িয়ে গেছে, ফেরার টাক্সি পেতে কয়ি পড়েশান হোতা হি নেহি।


সে যাইহোক,  গত সেশনে ঠিক হলো পুরনো কলকাতা ঘোরা হবে। নির্মাল্য কালীপ্রসন্ন সিংহের বাড়ীর কথা তুললো। পুরনো কলকাতা আমার হাতের তালুর মত চেনা। কিন্তু কালীপ্রসন্নর বাড়ীটা চিনতাম না। তাই আজ বেড়িয়ে পড়লাম ছানবিন করতে। জোঁড়াসাকো রামমন্দিরের উলটো দিকে বানারসি ঘোষ স্ট্রীটে।  খুব সহজেই পৌছনো গেল। সে বাড়ীর অতি জরাজীর্ণ অবস্থা। চারিদিকে বটবৃক্ষ জন্মে গেছে। ভেতরে কয়েকজন দখলদার আছে। ভেতরে ঢুকতে দিল,কিন্তু ছবি তুলতে দিল না। পুরো জোঁড়াসাকো অঞ্চলটাই অবাঙালী দখলে। এককালে বাঙালী সংস্কৃতির কেন্দ্রবিন্দু আজ বেদখল। বাঙালী যে আত্মবিস্মৃত জাতি, তাতে কোন সন্দেহ নেই। কালীপ্রসন্নর বাড়ীটা শুনেছি ফার্স্ট ক্লাস হেরিটেজ তকমা পাওয়া।  কিন্তু না বাড়ীর গায়ে আছে কোন Plaque  না কোন রক্ষণাবেক্ষণ।  কালীপ্রসন্ন সিংহ সম্মন্ধে আপনারা কমবেশি সবাই জানেন। তার উদ্যোগে ও অর্থানুকুল্যে মূল সংস্কৃত থেকে মহাভারতের বাংলায় অনুবাদ করা হয়। স্বয়ং বিদ্যাসাগর মহাশয় রাজী হয়েছিলেন সেই মহাভারতের সম্পাদনার ভার নিতে। কালীপ্রসন্ন সিংহ আরো এক কারণে বিখ্যাত।  তিনি লিখেছিলেন ' হুতোম পেঁচার নকশা'।  এক বিশেষ ধরণের গদ্যরীতির প্রচলন করেছিলেন।  কিন্তু মাত্র ২৯ বছর বয়সে তিনি মারা যান।

সুনীল গঙ্গোপাধ্যায়ের 'সেই সময়' মাষ্টারপিসে তার বিশেষ উল্লেখ আছে। উপন্যাসে তিনি নবীনকুমার। এক বর্ণময় চরিত্র। উপন্যাসে বিবৃত তার পিতৃবন্ধু বিধুশেখর তার জন্মদাতা পিতা। কারণ তার সামাজিক পিতার সময় কেটে যেত, রাঁড়ের বাড়ীতে। যা সেই সমাজের ধনাঢ্য ব্যক্তিদের চারিত্রিক বৈশিষ্ট্য ছিল। ওটাই ছিল বাবুকালচার,  পায়রা  ওড়ানো আর গহরজান, নিকি বাঈজীদের পেছনে লাখ লাখ টাকা উড়ানো।

কালিপ্রাসন্ন সিংহের বাড়ী দেখা হয়ে গেলো। মিশন একোমপ্লিশড। এবার বিলে মানে বিবেকানন্দের বাড়ী বাঁয়ে রেখে এগিয়ে চলা, নকুড়ের দোকান পড়ল পথে, উপেক্ষা করলাম। হরিঘোষ স্ট্রীট পেরিয়ে এসে গেলাম শ এর তেলেভাজার দোকানে। মোটা মোটা ধোঁকা কিনলাম।  কাল ডালনা হবে। আপনারা কেউ ধোঁকা খেয়েছেন, সুন্দরীদের  কাছে? আমার সেই ধোঁকা খাওয়ার কোন মুহরতই তৈরী হয়নি। তাও কুন্তলা এখনও সন্দেহ করে। আরে বাবা, আগে যখন দেবদূতের মতো চেহারা ছিল, তখনই কিছু করিনি, আর এখন এক পা নিমতলায় রেখে কি প্রেম হয়? হ্যায় কোয়ি? 

যাকগে, এর ফাঁকে দেখি একদল সুন্দরী বসন্তের গান গাইতে গাইতে যাচ্ছে শোভাযাত্রা করে। দেখলাম কিছুক্ষণ।  ছবিও তুলেছি, দেব এরসাথে।


আমি এখন দর্জিপাড়ায় জয়ন্তের সাথে গল্প করছি। এক কানে জয়ন্তের কথা শুনছি, টুকটাক হ্যাঁ হুঁ করছি, আর এক আঙুলে, এক মনে আপনাদের জন্যে ভাটকথা লিখছি। তার মানে আমার মন দুটো ফিল্ডে কাজ করছে একইসময়ে। এটা আমার বিশেষ গুণ। অবশ্য এটা আয়ত্ব করতে দীর্ঘ সাধনার দরকার। দুহাত একসাথে কাজ করলে সে হয় সব্যসাচী আর আমার মন যে একসাথে দুজায়গায়, খেপ খাঁটে, আমি তাহলে কি? নিশ্চয় স্পেশাল কিছু????

Friday, 13 February 2026

হলং



কাল ছিল আমাদের ডুয়ার্স সফরের দ্বিতীয় দিন। এর আগে জলপাইগুড়িতে কোনদিন রাত্রিবাস করিনি। এবারও সে অপূর্ণতাও পূর্ণ হয়ে গেল। কারণ এবার নিউজলপাইগুড়ি থেকে আমাদের যাত্রার ট্রেন খুব সকালে। রাত্রিবাস জরুরী ছিল। স্টেশনের কাছেই হোটেল। ঝকঝকে  হোটেল। ননী কোন অপূর্ণতা রাখে নি। ওই রাত্রে তরুণ যখন চিতল মাছের পেটি খোঁজে, তখন বুঝে নিন, আথিতেয়তা কোন পর্য্যায়ে গিয়ে পৌঁছেছে। 

সে সব যাই হোক, ওই সকালে সবাই স্নান সেরে আলুর পরোটা প্যাকেট নিয়ে উঠলুম ট্যুরিস্ট স্পেশাল ভিস্তাডোমে। চারিদিকে কাঁচ ঘেরা ট্রেন। ভিস্তাডোম। ভারী সুন্দর।  ছবি দিয়েছি কয়েকটা দেখবেন। বেশ লাগে এসব ট্রেনে সফর করতে। ট্রেন লাইনের দুপাশের প্রাকৃতিক দৃশ্য দেখতে কার না ভালো লাগে। সেই নিশ্চিন্তপুরের অপু, দুর্গারও ভালো লাগতো।  আমরা যারা এই যুগের, কেউ কেউ যারা আজো অপু রয়ে গেছি, তারাও আজো জানালার ধারে বসে এই ডুয়ার্সের নদী পাহাড় অরণ্য আজও অবাক বিস্ময়ে দেখেই চলে। অপুরা চিরকালই পৃথিবীতে রয়ে যায়। একসময় এই ভিস্তাডোম সফর শেষ হল। ট্রেন যেন তাজগী ঘোড়ার সওয়ার করে নিমেষে পৌঁছে দিল, মাদারীহাট স্টেশনে৷ মাদারীহাট, হলংএ ঢোকার সিংহদ্বারই বলা যায়।এবার তিনদনের মৌরসীপাট্টা আমাদের এই হলং ইকো রিসোর্টেই। কটেজ টাইপের বাড়ী। পরিষ্কার পরিচ্ছন্ন।  আমাদের গুলতানি মারার আদর্শ জায়গা। তবে আমাদের কটেজের মালিক বিশ্বনাথদা৷ বিশ্বনাথবাবুর পরিচয় যদি এককথায় দিতেই হয়৷ তবে তার পরিচয় প্রেমিক আর বিপ্লবী।  বিপ্লব করতে করতে প্রেম। বিপ্লবের সর্বনাশ। প্রেমের জয়। আর কেই বা না চায় প্রেমের জয়, বলুন? আমিও তাই। আপনিও নিশ্চয় দলছাড়া হতে চাইবেন না৷ 


এক সময়ের নকশাল। সেই স্কুলের দশম ক্লাস থেকেই, গলায় ইন্টারন্যাশনাল, আর রবীন্দ্রনাথের, 'ওদের বাঁধন যতই শক্ত হবে, মোদের বাঁধন ততই টুটবে" গলায় নিয়ে মুর্শিদাবাদের গ্রামে গ্রামে ক্যাম্প। সেসব ছিল একদিন। তবে বিপ্লবের বারুঁদে ভেজাল ছিল। বেশীওপরে উঠতে পারেনি। কমদামি হাওয়াইয়ের মতো পপাতধরণীতলে হতে সময় লাগেনি মোটেই। আর প্রেমও তো ছিল অনেক। মঞ্জু,ডলি, মলি, জ্যোতিকণার দল। সবাই কিন্তু রুপসী কন্যা। প্রেমটা একতরফাই ছিল৷ মুখফুটে বলা হয়নিকো আর৷ বিপ্লব, প্রেম সবই শেষ।  এবার ফিরে আসুন জলদাপাড়ায়। শিং বেঁকানো গন্ডারের আড্ডায়৷ এখানে প্রেমের প্রবেশ নিষেধ।  বেশী ট্যাঁফোঁ করলে, গণ্ডারের গুতোয় এফোঁড ওফোঁড় হয়ে যাবার শঙ্কা৷ 

আপাতত প্রেমে ইতি দিয়ে চলুন, জঙ্গলে যাই। বন্যেরা বনে সুন্দরের খোঁজে। 


হলং রিসার্ভ ফরেস্ট৷ ১৮ জনের দল৷ মহিলাও বেশ কয়েকজন আছেন। ক্যাচোর ম্যাচর চলছেই সারাক্ষণ।  এদের নিয়েই জঙ্গলে।  হলংএ ননীর সাথে আগেও এসেছি। সেবার কপালে এক ভারী গরীব ধরণের গণ্ডার ছাড়া আর কিছুই জোটেনি। তবে এবার ননীর কপাল একেবারে তুঙ্গে বৃহস্পতি।  জন্তু জানোয়ার আর পাখী, ময়ুরের মেলা। একটা দুটো নয়৷ দলে দলে আর পালে পালে৷ আর ময়ুরেরা  তো সারাক্ষণ পেখম মেলে আমাদের মনোরঞ্জন করেই চলল। বিশালাকায় হাতীর দল, ষণ্ডামার্কা সব শিং বেঁকানো শম্বরের দল, দৈতাকায় সব বাইসন বা গৌড়, যাই বলুন। দারুণ জমজমাট এক জাঙ্গল সাফারি হলো। 


কিন্তু আসল আড্ডা তো হবে ভর সন্ধ্যে বেলায়। হাম তুম আর ব্যাগপাইপার। ও কিছু নয়। একটু ক্যাটালিটিক এজেন্ট মাত্র৷ দু এক পেগ পেটে পড়লেই সব এক একজন আঁতেল মার্কা হয়ে ওঠেন। আর এই আড্ডাটার জন্যেই আমরা বারবার ফিরে আসি ননীগোপালের দলে। দুতিনঘন্টা নিমেষে কেটে যায়। ফরাসী বিপ্লব, নাজিম হিকমত, চে গুয়েভারা, সত্যজিত, সুনীল শক্তি আরো সব নামী অনামী হস্তীদের চুলচেরা বিশ্লেষণে৷ দারুণ জমজমাট আড্ডা। ঘড়ির কাঁটা এগিয়ে চললেও আড্ডা থামতে চায় না৷ দুপেগ তিনপেগের পড়ে আবার শুরু হয় অনুরোধের আসর। অনারের খেলা তখন৷ এ খেলা ননীর তৈরি আমরা তখন একে অন্যকে সম্মান জানায়,  খাদা দিয়ে নয় পেগ দিয়ে। এ খেলাও একসময়ে থেমে যায়। খালাসীটোলার আলোও  নিভে যায়। 

"তখন থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন। "

অথবা

।" ভ্রুপল্লবে যদি ডাক দিয়ে থাক, 

চন্দনবনে দেখা হতে পারে।"

আপনারাও আসুন। 

আজ আমরা বনে নয়, সবাই মিলে যাব চন্দনের বনে।

Monday, 2 February 2026

কোপাই

 শান্তিনিকেতনে এসে কোপাইয়ের সাথে দেখা না করে চলে যাব, এমনটি হয় নাকি? কোপাই পুর্বজন্মের প্রেমিকার মতো। বর্তমানের গভীরে এ যেন চিরন্তন।  


শীতের কোপাই শীর্ণা কিন্তু আলো ঝলমলে রুপসী।  উচ্ছল হয়তো নয়, কিন্তু শান্ত, গভীর। এতে অবগাহনে জন্মজন্মান্তর যেন পেরিয়ে আসা যায়। আজ এসেছি সেই কোপাইয়ের কাছে। কোপাইয়ের গভীরে হাত ছোঁয়ালাম, সারা শরীরমন জুড়ে যেন উৎসবমুখর হয়ে এলো। ঠিক চিনেছে আমাকে। 

 "জনম জনম হাম রুপ নিহারুলু, নয়ন না তিরপিত ভেল।"

Sunday, 1 February 2026





















আজ বিষ্ণুপুর যাবার পথে বনলতা রিসোর্টে দুপুরের খাওয়া সারলুম।বনলতা রিসোর্ট একটা অসাধারণ ছুটি কাটাবার জায়গা। চমৎকার কটেজ, রুম,  হাতী, ঘোড়া, পুকুরের মাছ, গাইয়ের দুধ কি নেই? মাছ ধরার ব্যবস্থা,  সব সব ব্যবস্থাই আছে। এদের রিসোর্টে  বারও আছে। দেখে তো আমি চমৎকৃত।  ননীকে অনেকবার বলেছিলাম। বন্ধুসঙ্গে গুষ্টিসুখে দিন কাটাবার এক উৎকৃষ্ট জায়গা। গা করেনি। ওর যত ঝোঁক উত্তরেই। কপালগুণে, আজ দেখা হয়ে গেল।খানাও হলো। দারুণ একখানা লাঞ্চ। তবে বারে পা গলানো আজ বারণ। কারণ আজ আমার অকারন এর দিন। এক হোলিপ্লেসে আছি। সেখানে মদ্যপান?  নৈব্য নৈব্য চ।


তাহলে শুনুন আজ কি কি খেলুম। খাবো খাবো করি। কিন্তু খাবারের গপ্প শুনেই দিলখুস হয়ে যায়। দুইয়ের বদলে তিনপদ হয়ে গেলেই আর ভেতরে যেতে চায়না। তবে আজ সব খেয়েছি। এদের একটা বেসিক থালি আছে। তার মূল্য মাত্র ১০০/। যাচাই অর্থাৎ আপনি যতবার রিফিলিং চাইবেন করে যাবে। কথাটি কইবে না। আজ ছিল উচ্ছে ভাজা, দুধসুক্তো (অসাধারণ),  আলুপোস্ত লা জবাব জাস্ট আমি যেমনটি চাই, সোনা মুগের ডাল, পরমান্ন, আর চাটনি টমেটোর। এর সাথে আমরা নিয়েছিলাম কাতলা কালিয়া। ব্যস। এতেই আই ঢাই অবস্থা। এরপর জয়পুরের জঙ্গল পেরিয়ে বিষ্ণুপুর।  এর আগে বিষ্ণুপুর বহুবার এসেছি। তখন আসতাম বিষ্ণুপুর সিল্ক আর তসর নিতে। ব্যাওসার কাজে। আমার না তেনার। সে যাই হোক, মন্দির তখনও দেখেছি, আজও দেখলাম। মন্দিরগুলো সংরক্ষণ খুব উঁচুদরের। মন্দিরের ছবি দিলাম অনেকগুলো।সবার নাম মনে নেই। যে কটা পারলাম, নাম দিয়ে দিলাম। 

আর কি আবার ফিরে সেই জয়রামবাটি তেই।  ফেরার পথে সেই বনলতার একফুটি ল্যাংচা আর পাটিসাপটা, সেও একফুটের কম নয়। খেতে পারিনি।  নিয়ে এসেছি।

আজ আপাতত এই। শেষে ভেবে দেখলাম এই তীর্থদর্শন সফল করার ফল তবে কি? শুধুই ভোগের বর্ণনা? কভি নেহি? রঙ দে মোহে গেরুয়া। তাই একটা গেরুয়া টুপি কিনে নিয়ে পরলাম। কিন্তু বৈরাগ্য সাধনে মুক্তি, সে আমার নয়।  কুন্তলার প্রবল আপত্তিতে আর পাবলিক প্যাঁকের ভয়ে মাঝামাঝি একটা না গেরুয়া না হলদে এক টুপিতে কম্প্রোমাইজ করলাম। সেই যে ঠাকুরের কি একটা গান আছে না, 

"ঘরে যারা যাবার , তারা কখন গেছে ঘরপানে,

পারে যারা যাবার গেছে পারে,

ঘরেও নহে, পারেও নহে যে জন আছে মাঝখানে,

সন্ধ্যেবেলা কে ডেকে নেয় তারে।"

আমি সেই মাঝের জন। আমার ঠাকুর সেই রবি ঠাকুরই।