Saturday, 22 March 2025

গুষ্টিসুখ

 গুষ্টিসুখ।


আজ অনেকদিন পরে গুষ্ঠিসুখের আনন্দ ফিরে পেলেম। আমরা যখন স্কুলে,অফুরন্ত বন্ধু আর  হইচই,দুচোখ ভরা স্বপ্ন আর স্বপ্ন আর অজস্র হাতছানি। তখনই জেনেছিলেম গুষ্টিসুখ কাকে বলে। পরে সেই জানা আরও গভীর হয়েছিল সৈয়দ মুজতবা আলীর লেখা পড়ে। 


আমাদের কৈশোরের সঙ্গী ছিল অনেকেই। তার মধ্যে  একজন সর্বকালের সেরা বিপ্লবী চে আর অন্যজন অবশ্যই মুজতবা আলি। তো এই গুষ্টিসুখের প্রথম পরিচয় পাই, মুজতবার লেখা থেকেই। গুষ্টিসুখ যে তার আগে ছিলনা,  তা নয়। তবে সেটা যে গুষ্টিসুখ সেটা প্রথম বুঝলুম মুজতুবা আলি পড়েই।  হাজারদুয়ারির সিঁড়িতে বসে বন্ধুরা মিলে একসঙ্গে বিড়ি খাওয়া বা চারুকে নিয়ে ভাগাভাগি, সে গুষ্টিসুখ হয়ত আজ আর ফিরে পাব না। তবে তাই বলে হারিয়েও যায়নি।  তার আগে বলি চারুকে কেউ ভুল বুঝবেন না। একটা সময়ে আমাদের প্রিয় ছিল 'নষ্টনীড়ের চারুলতা আর চারমিনার সিগারেট।  আমরা চারমিনার কে আদর করে বলতেম চারু। ঠিক ভুপতির মতই। আমাদের আর কেউ নেই 'চারু তো আছে।' সেই কালও নেই, নেই সেই চারমিনারও। আর সেই 'ছেলেবেলা' সে তো ছিল কোন কালীদাসের কালে।


তবুও এই বৃদ্ধ বয়সে, বুড়ো বলব না, বড্ড বাজে শোনায়। আসলে পালটে পালটে নিলে, কেউ বুড়োই হয়না কোনদিনই। তাই, এই পরিণত বয়সে বন্ধুর অভাব পরেনি আজও। আর আজ সেইরকমই বন্ধুরা মিলে জড়ো হয়েছিলুম বেশ কিছুকাল বাদে। শেখর বেশ কিছুদিন বাদে আবার ফিরে এল দিল্লি থেকে। সেই উপলক্ষেই আজকের জমায়েত ।  জমজমাট, খাদ্যে ও পানীয়তে। তার রঙে, যদি লালের আধিক্য কেউ দেখেও থাকেন, দোষ দেবেন না প্লিজ।  এতে যেটুকু গুলাল যেটুকু নাশা, নাশা... সব সেই পুরোন দিনকে মনে রেখেই। তেমনি নিষ্পাপ, তেমনি অমলিন।  সারাটা দুপুর বেশ কাটলো খোশ গল্প আর তিন পাত্তিতে, এলোমেলো আর অপরিণত কথায়। আসলে আমরা কেউই তো বড় থুড়ি বুড়ো হয়নি। শেষ বলে কিছু হয় নাকি? শেষের পরেই তো আবার শুরু, শেষ হয়েও না হইল শেষ। বন্ধুত্ত্বের আকর্ষন যে তেমনই। গুষ্ঠীসুখের থেকে বড় সুখ আর কিছু নেই। সে যে পুরোন হয়ে যাবার সব জড়ত্ত্বকে মুছে ফেলতে পারে একনিমেষে।

Friday, 21 March 2025

রেলী নদীর ধারে

 সুখস্মৃতি

আগে কেমন সুন্দর দিন কাটাইতাম


এসে গেছি রেলি। চারিদিকে পাহাড়। মাঝখানে ছোট্ট একটা ভ্যালী। আর ভ্যালীর পাশ দিয়ে গেছে ছোট্ট একটা পাহাড়ী নদী। সেই নদীর নামও রেলী। এখন শীতের শেষে সেই নদীতে জল নেই  বিশেষ। মাঝে মাঝে তিরতিরে একটা ধারা দেখা যায় সেই নদীর কোথাও কোথাও।  আশেপাশে লোকালয় খুব কিছু নেই। নেই দোকান বাজারও। নেই যে সেটা লাঞ্চের টেবিলে বসেই বোঝা গেল। আমাদের ১৭ জনের টিমের খোরপোষ তো কম নয়। তাই রিসোর্টের বাচ্চা দুটো মেয়ের আমাদের খাবারের জোগান দিতে প্রাণান্ত। আজ লাঞ্চে সামান্যই মেনু। ভাত, ডাল, আলুভাজা আর চিকেন। মাঝপথে আলুভাজাও শেষ। কি করবে বেচারীরা? ধারেপিঠে দোকানও নেই, যে দৌড়ে গিয়ে নিয়ে আসবে। তবে আমদের গ্রুপের ছেলেরা ভারি এডজাস্টিং নেচারের। এসব নিয়ে কারুর কোন অভিযোগও নেই। রাত্রে শুনেছি সেই বিখ্যাত ডিম্ভাত। আলু নেই। তাই শুধুই ডিম। কাল কি হবে জানি না। হবে নিশ্চয় কিছু। ননী যখন আমাদের মুখিয়া। তখন সবই হয়ে যাবে। আমাদের আকর্ষন অবশ্য এইসব সামান্য ব্যাপারে মোটেই সীমাবদ্ধ নয়। তরল রঙীন পানীয়ের সুপ্রচুর আয়োজন। রেলী নদীতে জলের অভাব হতে পারে, কিন্তু ননীর ওয়াটার অফ ইন্ডিয়ার অশেষ আয়োজন।  এই আছে আর নেইয়ের মধ্যে দুটো দিন বেশ কেটে যাবে। এই পাহাড়, অরণ্য, শুদ্ধ বাতাস আর মনে পুলক আর বড়িয়া যাম থাকলে, কিসেরই বা অভাব আর কিসেরই বা প্রয়োজন? 

রেলীর পরেই দুটো দিন বড়া মাঙ্গুয়ায়। সেখানেই দোলের বিশেষ আয়োজন। সে এক বিশেষ বাৎসারিক উৎসব। বলে বোঝানো না মুনকিন। তবে উড়বে ফাগ, যে সে ফাগ নয়, অর্গানিক আবীর। আর খানাপিনার দেদার আয়োজন। সব থরে থরে সাজানো আছে। সঙ্গে ভদ্রেশ্বরের ফেলু মোদকের রকমারি সন্দেশও।














Sunday, 16 March 2025

 আজকের সকালটা বেশ প্লেসেন্ট। প্লেসেন্টের বাংলা যে ঠিক কি, তা জানিনা। হয়ত বলরাম জানে। আমাদের বড়ভাই তো, সব জানে।  প্লেসেন্ট বা মধুর যাইহোক বেশ ঠান্ডি ঠান্ডি হাওয়া।  চারিদিকে কোকিলের ডাক শুধু কুহু কুহু করে। এখন আশেপাশে প্রচুর কোকিলের আনাগোনা।  কি জানি মোদির কিনা? সারাক্ষন আচ্ছে দিনের গান গেয়ে চলেছে। সে যাই হোক,বেশ রোমান্টিক এটমস্ফেয়ার কিন্তু। যাই বলুন আর তাই বলুন বেশ লাগে। বয়স যায় হোক,ভাল লাগাতে কোন বাঁধা তো নেই? তাই বেশ শরীফ মেজাজে বহুক্ষণ দৌড়াদৌড়ি করলুম লেকে। বেশ জোঁশ এসে গেল। মনে এলো নানা চিন্তা। সেই কবে কাশ্মীরে রোগন জোশ খেয়েছিলুম তার স্বাদ টা বেশ তালু ছাড়িয়ে সারা তনমন কে কেমন আচ্ছন্ন করে রেখেছিল। আমি যে খুব খাইয়ে তা অবশ্যি নয়, তবে সমঝদারী আমাদের রক্তে। এটা মানতেই হবে। আজ অবশ্য রোগন জোশ পাওয়া যাবে না। আর পেলেও সে পঁহেলগাও তো পাবোনা, তাই রোগন জোস আজ থাক তোলা। হবে'খন একদিন।


গত পরশু আমাদের ভি আই পি বাজারের কালা একটা বিরাট বাংলাদেশী ইলিশ গছিয়ে দিয়েছিল। ওকে এড়ান মুশকিল।  শুরুই করবে দাদা আপনার জন্যে জলের দাম। সে জলের দাম শুনে আঁতকে উঠতে হয়। যাইহোক সাহস দেখিয়ে কিনেই ফেলেছিলুম। তবে এটাও ঠিক কালা দাম নিলেও, দরের জিনিস দেয়। কোন কমপ্লেন করাই যাবে না৷ এতই দিলখুশ স্বাদ ছিল সে ইলিশের।  


 ফেরার পথে পড়ল কাদাপাড়া বাজার। সেখানে নিলাম ফনফনে পুঁই শাক, কুমড়ো আর বেগুন আর ঝাড়াঝাপটা বাটা মাছ। মেনুও ঠিক করে নিয়েছি। আজ ইলিশের মাথা দিয়ে পুইশাক, কলাইয়ের ডাল বেগুন দিয়ে, হিং আর মৌরীর হাল্কা গন্ধ মাখা। খাস মুর্শিদাবাদী রেসিপি।আর বাটা মাছের ঝাল। আর অবশ্যই আমের পাতলা টক বা অম্বল যাই বলুন। শেষ পাতে একটু লালদই খেতেও পারি৷ 


 তবে যাই খাই না কেন খাব অল্প। কিঁউ কি, বিন্দুতে সিন্ধুর আস্বাদ নিতে আমি বেশ জানি। সেও কিন্তু যোগেরই এক অঙ্গ।  চেষ্টা করুন, আপনিও পারবেন৷ 


বাকী রয়ে গেল রোগন জোশ। সেও হবে পঁহেলগাও তে গিয়েই৷সেপ্টেম্বরে কাশ্মীর যাবার টিকিট কাটা হয়ে গেছে।  ফেরার পথে পঁহেলগাও দিন তিনেক। আর পঁহেলগাওর রোগন জোস মানেই দিলখোশ।

Tuesday, 11 March 2025

বসন্তোউৎসব

 বসন্তোৎসব 










আজ রাজামশাইয়ের ডাক ছিল শোভাবাজার রাজবাড়ীর বসন্তোৎসবে যাবার৷ প্রতিবারই যাই। মাঝে অবশ্য দু'বছর বন্ধ ছিল কোভিডকে লিয়ে৷ তবে এবার না হওয়ার কোন কারণ ছিল না। আর হয়েছেও। তবে  বোধহয় যথেষ্ট প্রস্তুতি ছিল না তাই হয়েছে একটু এলেমেলো। যাই হোক, রঙ ছিল যৌবন ছিল, ছিল তার উচ্ছাসও। বসন্তে এর থেকে আর কিই বা বেশী দরকার।  ফানুস উড়ল,  আবীর উড়ল, উড়ে পড়ল আবেগ । সে খবরে আমাদের কিই বা দরকার। তবে বেশ আমোদ হলো৷ তিনটে ঘন্টা নিমেষে গেল কেটে।


এরপর আমার গন্তব্য আর কোথায় বা হতে পারে৷ আছে এক জায়গা৷ সে হলো দর্জীপাড়া৷ নতুনদার কাছে। ঘন্টা দুয়েক চুটিয়ে আড্ডা।  তারপর,  ঠাকুরবাড়ী। এ পাড়ায় মোড়ে মোড়ে পারিবারিক সব মন্দির। তার নিত্য পূজা, নিত্য আরতি৷ সেরকমই এক মন্দিরে ঢুকে পড়লাম।  আমি অবশ্য অবিশ্বাসীর দলে। তাই মাথা আর ঝোঁকায় নি। ঘাড় টেঁড়া করেই বেশ উপভোগ করলাম। অবিশ্বাসী হতে পারি, তবে এই বিশ্বাসের রুপটাও দূর থেকে দেখতে বেশ লাগে।  সে আরতির একটা ভিডিও দিয়েছি এর সাথে৷ 


এরপর কি? এবার শাউওয়ের তেলেভাজার  দোকানে। নেতাজী নাকি এখানে চপ খেতেন? এরা অবশ্য ২৩ এ জানুয়ারি বিনে পয়সায় তেলেভাজা বিলি করে। এখানেই ধোঁকা কিনলাম বড় বড় মোটাসোটা। কাল ধোঁকার ডালনা খাব। বসন্ত উৎসবের পর ধোঁকা কি এন্টি ক্লাইমাক্স লাগছে? লাগুক কিন্তু I simply love Dhonkar Dalona.ধোঁকা আজ পর্যন্ত কেউ অবশ্য আমাকে দেয়নি।  I swear. আপনি যদি জীবনে ধোঁকা খেয়ে থাকেন, সে দায়িত্ব আপনারই৷ কেই বা সে দায়িত্ব নেবে?


এবার ফেরার পেলা৷ আমার পছন্দের যান বলুন বা বাহন, সে হচ্ছে হন্টন৷ সেই রাজা নবকৃষ্ণ রোড ধরে, হরি ঘোষ স্ট্রিট দিয়ে, দর্জীপাড়া ঘুরে, গোয়াবাগান,  রাজা দীনেন্দ্র স্ট্রিট দিয়ে, মানিকতলা, কাঁকুড়গাছি পেরিয়ে হেঁটে হেঁটেই একেলা একেলা চলা। জীবনের মরণের পথে যে একেলা একেলাই হাঁটতে হয়, তা কি কারুর অজানা?

Friday, 7 March 2025

ননীগোপালের রাস বনাম করোনার ত্রাস

 করোনার ত্রাস

বনাম

ননীগোপালের রাস


সারা দেশ কেন গোটা জগৎ জুড়েই হইহই।করোনা আর করোনা। কে হবে জয়ী? সেটা আপনারাই দেখুন। আজই ননীগোপালের দলের জনা বিশেক তল্পিতল্পা বেঁধে চললেম উত্তরে দোল খেলতে। 

সবরকমের প্রিকশান নিয়ে, যেমন আমাদের ডায়েবেটিক এসোসিয়েশনের সভাপতি সুজিত আসছে ভবানীপুর থেকে গুলি সন্দেশ নিয়ে। গুলি শুনেই বোঝা যাচ্ছে সুজিত হাইলি এটাকিং মুডে আছে। ছোড়েঙ্গে নেহি কিসিকো। ১৫০ পিস কম হবে? আরে গোলাও তো আসবে ভদ্রেশর, চন্নননগর থেকে। সুর্য মোদকের জলভরা।  সে কি তার সাইজ। এসব ব্যাপারে অশোক ঢালি ভেরী আনপ্রেডিক্টেবল। নতুন নতুন  চমক দেবার জন্যে তৈরি সবসময়। কি কি যে করবে খোদায় মালুম।  যেমন যেমন দেখব, ঠিক জানিয়ে দেব আপনাদের। 


কোথায় যাচ্ছি বলিনি তো? ভারী সুন্দর জায়গা সে সব। মিরিক, তাবোকোশি আর সাংশের। তার কিছু ছবি থাকছে সঙ্গে। ওখানেই এবারের দোলযাত্রা।  তবে ফুলের রঙে রঙীন হবে সবাই। করোনার ভয় আমরা করছিনে। কারন করোনার স্যানিটাইজার বেরিয়ে গেছে। জানেন নিশ্চয়ই।  আমাদের সঙ্গেই এনজিপিতে গাড়ীতে উঠবে ক্রেট ক্রেট হুইস্কির বোতল।চীনে নয় সব খাঁটি স্কচ।  ভেতর বাইরে সব ধুয়ে দেবে। করোনা তো যাবেই তার সঙ্গে আপনার মনের গোপনে যদি কোন দুঃখ, ব্যর্থ প্রেমের জ্বালা আজও না জুড়িয়ে থাকে, তাও যাবে সাফ হয়ে।  সব পুরনো সব মলিনতা মুছে পাবেন তাজগী ভরা সদাবাহার দিলখুশ জিন্দেগী এই বসন্ত উৎসবেই। বসন্ত তো এসেই গেছে। আশেপাশে যত ফুলকুমারীরাই ফুটে উঠুক না কেন। পাণী পীড়নের চেষ্টা থেকে বিরত থাকুন। দুরত্ব রেখেই নমস্কার বিনিময় করুন। আদাব আরজও করতে পারেন। ভালো থাকবেন সবাই। হ্যাপি হোলি। 😍😍😍😇😃😁

Thursday, 6 March 2025

চার ইয়ারী






 এক বাঁও মেলে না, দো বাঁও মেলে না,  তিন বাঁও মেলে না.... শেষে কত বাঁও মেলেনি,  তা আমরা কেউই জানি না। মনে আছে রবি ঠাকুরের এই গল্পের কথা? ফটিক শেষ বাঁওয়ের আর খবর জানতে পারে নি। কিন্তু আমরা?  আমরা মানে আমরা চারজন, মানে আমি, শিশির, নির্মাল্য আর জয়, এসবিআইয়ের এই চারজন যত অতলেই নামি না কেন, ঠিক ভেসে উঠেছি। ফটিকের মত, অতলে তলিয়ে যায়নি। আজকের এই ত্রৈমাসিক সম্মেলনের হোস্ট ছিল, জয়। ভেনু সেই একই শিশিরের ঝিলপারের ভদ্রাসন। একটাই যোগসুত্র আমাদের সেই আদি আর অকৃত্তিম SBI. আর স্টেট ব্যাঙ্ক মানে কে না জানে It stands for excellence.  আজকের এই মিট ছিলো ভারি বুদ্ধি বৃত্তিক। হরেক বিষয়ের আলোচনা আর মতবিরোধ।সেটাই স্বাভাবিক।  আর এটা আমাদের আলোচনায় কোন বিরোধ ঘটায় না। চলতেই থাকে। যুক্তি, পাল্টাযুক্তি আর গ্লাস পে গ্লাস। যারে কয় গ্লাসনস্ত। শিশিরের মন্দির শিল্প থেকে অষ্টম রিপু। অষ্টম রিপুর কথা শুনেছেন কোনদিন?  আমাদের মান্যবর বন্ধু যেমন মন্দির শিল্পের প্রবক্তা তেমনিই এই অষ্টম রিপুরও।  যদি জানতে চান আরো বিশদে, তবে যোগ দিন আমাদের সাথে এই তরল বন্ধুত্বপূর্ণ আড্ডায়।আপনার বেম্মহজ্ঞান হবে, সে ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন। ৬ টার আসরের সমাপ্তি হলো ১০-৩০! তারপর আর কি? জয় চলে গেল তার ভটভটিতে। এস ইউসাল হেল এন্ড হার্টি। আমি আর নির্মাল্য স্বরণ করলুম ওলার। ডরিয়ে মত।  কোন বাঁওই আমাদের তলে নিয়ে যেতে পারবে না। ঠিক ভেসে উঠবো। আমাদের খানদান আবার কি? স্রোতের শ্যাওলা। অজেয় অক্ষয়।

Monday, 3 March 2025

লালন








 উঁহু, যা ভাবছেন তা নয়। মাথায় ক্যাপ পরে একে মনে হতে পারে ডক্টর দেবী শেঠীর ছোট ভাই। কিন্তু আদতে লালন অন্য পরিবেশের মানুষ।  লালনের জন্ম এক দরিদ্র মুসলমান পরিবারে।  লালবাগে কাটরা মসজিদের পেছনে কাপাসডাঙ্গা গ্রামে লালনের জন্ম। জীবন শুরু খুব সামান্য কাজ দিয়েই,কারণ শিক্ষার জোর বা অর্থবল কোনটাই তার পেছনে ছিল না। তার কাজের শুরু রাজমিস্ত্রির সামান্য জোগাড়ে হিসেবে।  কিন্তু তার একটাই গুণ, যে কাজই করেছে, সে করেছে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে। কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা হয়ত তার নেই, কিন্তু জীবনের কোন শিক্ষাই সে অবহেলা করেনি। ছিল জোগাড়ে, হল রাজমিস্ত্রী।  তারপর,  কলকাতা ডকে কেটে গেল কয়েকটা বছর। সেখানে সে পরে গেল এক ফিল্ম প্রোডিউসারের চোখে। তার সাথে কাটল বেশ কয়েকটা বছর। সিরিয়াল,ফিল্ম, সর্ট ফিল্মেও সচ্ছন্দে কাজ করল। তার ব্যবহারের গুণে বহু নামীদামি অভিনেতা, অভিনেত্রীর কাছের মানুষ হয়ে উঠল।


কিন্তু  বাবার মৃত্যুর পর, সংসারের প্রয়োজনে ফিরেও এল লালবাগে। কাজ নিল সাগ্নিক হোটেলে৷ সামান্য হোটেল বয় থেকে হয়ে উঠল, সাগ্নিকের ক্যাটারিং ইনচার্জ। পাক্কা রসুইকার। তার রন্ধনশৈলির জাদুতে, সাগ্নিকের সুনাম আজ চারিদিকে । আমি বেশ কয়েক বছর থেকেই লালনকে চিনি। তার বিবর্তন আমাকে মুগ্ধ করে।  এত সহজ ও সুন্দরভাবে লালন জীবনের শিক্ষাকে আয়ত্ত্ব করেছে,যা তার ব্যক্তিগত জীবনকেও মহিমান্বিত করেছে।  দুই বোনের বিয়ে, ভাইদের প্রতিষ্ঠিত করা,কোনটাতেই  কোন ত্রুটি রাখেনি। আজ তার বিরাট বাড়ি।  সুন্দরী বউ। আমবাগান।  আমার নেমন্তন্ন এবার ওর বাড়িতে আম খাবার। আমি তো আসবই। আপনারাও আমার সঙ্গী হতে পারেন।